১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আসামিদের বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল, সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 10:52 PM

Updated : 16 Nov 2026, 10:52 PM

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নূরুল আমিন (৫৫) উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি পৌর শহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুর ইসলাম হারুন জানান।

মামলার বরাতে পুলিশ জানায়, ১১ নভেম্বর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল, সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সহসভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নূরুল আমিনকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।