আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর আবার গ্রেপ্তার
২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও তানভীর ইসলাম গ্রেপ্তার হয়েছিলেন।
পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তানভীর ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আটঘরিয়া থানার ওসি শরিফুজ্জামান সরকার জানান।
গ্রেপ্তার তানভীর ইসলাম জেলা আওয়ামী লীগের সদস্য এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম রতনের ছেলে।
পুলিশ জানায়, তানভীর ইসলামের বিরুদ্ধে আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক বিভিন্ন সময়ে তার প্রত্যক্ষ নির্দেশে উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও তানভীর ইসলাম একবার গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি জামিনে মুক্তি পান।
চলতি বছরের ২১ অক্টোবর রাজধানীর একটি বাসা থেকে তার বাবা শহীদুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, বর্তমান সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে গ্রেপ্তার করা হয়।
আটঘরিয়া থানার ওসি শরিফুজ্জামান সরকার বলেন, তানভীর ইসলামকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর কাজ চলছে।
