চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আটজন গ্রেপ্তার
চায়ের দোকানে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার খবরের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়, বলছে পুলিশ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই দিন জেলা শহরে পিটুনির শিকার নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভাংবাড়িয়া এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ও ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়িয়া ইউনিয়নের আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) ও আজিজুল হক (৬৪)।
আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে চায়ের দোকানে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদ নঈম জ্যামিকে (৩৯) পিটিয়ে জখম করে কিছু যুবক।
পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে খবর পেয়ে পুলিশ চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে যায়। জ্যামি শহরের সিনেমা হলপাড়ার মাহাবুব আলম টুটুর ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, রাশেদ নঈম জ্যামি আগের একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
