০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মনসুর আলীর কবরে ফুল দিতে এসে গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মী

এ ছাড়া সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও তাড়াশে আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 07:48 PM

Updated : 02 Nov 2026, 07:48 PM

ঢাকার বনানী কবরস্থানে জাতীয় নেতা এম মনসুর আলীর কবরে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে বনানী থানার ওসি মো. সালাউদ্দিন জানান।

তিনি বলেন, “রোববার ভোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বনানী কবরস্থানে এম মনসুর আলীর কবরে ফুল দেওয়ার জন্য এসেছিলেন। ফুল দেওয়ার পর ওই ছবি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ও ব্যানার বানিয়ে প্রচার করতেন। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হওয়ার আশঙ্কা ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।”

ওসি বলেন, তাদের নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের কাজিপুর থানায় দু-তিনটি মামলা তদন্তাধীন রয়েছে।

ঢাকায় গ্রেপ্তাররা হলেন- কাজিপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান (৪৭), খাসরাজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হাসান (৪৫), মনসুরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাছিম উদ্দিন (২৪), মাইজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান (২৬), সালাহউদ্দিন ওরফে সাগর মিয়া (২০), মিলন মিয়া (২৯) ও মোন্নাফ মিয়া (৪৫)।

এ ছাড়া সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও তাড়াশ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে পুলিশ। সোমবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম (৩৭), বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, তাড়াশ উপজেলার আব্দুল আলিম সরকার (৪৮), সম্রাট কুমার সরকার (৩৮), আরিফ হোসেন (৩২) ও লুৎফর রহমান (৩২)।

তাড়াশ থানার ওসি ইমাম জাফর বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে সমবেত হয়ে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার চেষ্টাকালে চারজনকে আটক করা হয়।

সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, খোকসাবাড়ি এলাকায় গোপন বৈঠকের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বেলকুচি থানার ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, সোমবার দুপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রমজান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাশকতা মামলার আসামি।