গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
এ ছাড়া জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মাসুদ রানাকেও (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবি পুলিশের ওসি আবদুল মুত্তালিব জানিয়েছেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় জেলা শহরের বাংলাবাজার এলাকায় ছোট ভাই আব্দুল হামিদের বাড়ি থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে জেলার আদালত চত্বর এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের ওসি আবদুল মুত্তালিব বলেন, জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
