২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ আটক ১৯৭

গ্রেপ্তারদের মধ্যে ৫৮ জনের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয় বলে জানায় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 06:57 PM

Updated : 29 Nov 2026, 06:57 PM

কুমিল্লায় ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ ১৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় সড়কে কয়েকটি যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের ৯ সদস্য রয়েছে।

রোববার বেলা ৩টার দিকে এ তথ্য দিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে চৌদ্দগ্রাম পৌর এলাকায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে টায়ার ও গাছে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ উপস্থিত হলে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কের দুই লেনে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে সড়কে অবস্থান নিয়ে অবরোধকারীদের ধাওয়া দেন।

এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। পরে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত একাধিক টিম রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করে।

রাতভর অভিযানে নিষিদ্ধ সংগঠনের আরও ৬২ জন সদস্যসহ বিভিন্ন অপরাধে মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, গ্রেপ্তারদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই ও সংশ্লিষ্টতা বিবেচনায় ১৩৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। বাকি ৫৮ জনকে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতাসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।