যে কারণে প্রাক্তনের দেওয়া উপহার ফেলতে গিয়েও ফেলা হয় না
দরকার নেই তারপরও প্রাক্তনের দেওয়া উপহার আগলে রাখলে, নিজের মানসিক প্রস্তুতির দিকে নজর দেওয়া উচিত।
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও প্রাক্তন সঙ্গীর দেওয়া পোশাক, ঘড়ি, গয়না বা অন্য কোনও উপহার আলমারিতে যত্ন করে রেখে দেওয়ার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়।
তবে অতীতের সেই সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও কেন এই উপহারগুলো আঁকড়ে ধরে রাখা হয়, আর বর্তমান বা নতুন সঙ্গীর ওপর এর কী প্রভাব পড়ে, সেসব নিয়ে চমকপ্রদ তথ্য উঠে এসেছে বিবর্তনমূলক মনোবিজ্ঞানের গবেষণায়।
মনস্তত্ত্ব-বিষয়ক ওয়েবসাইট ‘সাইকোলজি টুডে’-তে প্রকাশিত প্রতিবেদনে কানাডার হ্যালিফ্যাক্সে অবস্থিত ‘সেন্ট ম্যারিজ ইউনিভার্সিটি’র মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের ‘কিনসে ইনস্টিটিউট’-এর অ্যাফিলিয়েট ফ্যাকাল্টি ড. মেরিয়ান এল. ফিশার, তার নিজস্ব গবেষণা ও আন্তর্জাতিক জার্নালের তথ্যের আলোকে বিষয়টি বিশ্লেষণ করেছেন।
প্রাক্তনের উপহার রেখে দেওয়ার হার ও কারণ
ড. মেরিয়ান এল. ফিশার ও তার গবেষক দলের পরিচালিত প্রাথমিক গবেষণায়, যুক্তরাষ্ট্রের ৮৩ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, ৭১ শতাংশ নারী এবং ৭২ শতাংশ পুরুষ- তাদের প্রাক্তন সঙ্গীর দেওয়া অন্তত একটি উপহার রেখে দিয়েছেন, যার মধ্যে পোশাক এবং গয়নার সংখ্যাই সবচেয়ে বেশি।
তবে উপহার রেখে দেওয়ার পেছনে নারী ও পুরুষের মানসিকতায় স্পষ্ট পার্থক্য পাওয়া গেছে।
নারীরা মূলত আবেগপ্রবণ হয়ে জীবনের একটি অধ্যায়ের স্মৃতি ধরে রাখতে উপহারগুলো রাখেন; অন্যদিকে, পুরুষেরা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটি দরকারি বা ব্যবহারযোগ্য বলেই রেখে দেন।
২০০৩ সালে আন্তর্জাতিক জার্নাল ‘সাইকোলজি অ্যান্ড মার্কেটিং’-এ প্রকাশিত কানাডীয় গবেষক ‘সাদ ও গিল’-এর এক গবেষণায় বলা হয়েছে, উপহার হল সঙ্গীর প্রতি আগ্রহ ও বিনিয়োগের প্রতীক; তাই প্রাক্তনের উপহার রেখে দেওয়া মানুষকে মনে করিয়ে দেয় যে- একসময় কেউ তার জন্য বিশেষ প্রচেষ্টা নিয়েছিলেন।
নতুন সঙ্গীর দৃষ্টিভঙ্গি ও ঈর্ষার মনস্তত্ত্ব
পরবর্তী সময়ে ৭৬ জন দম্পতির ওপর পরিচালিত আরেকটি জরিপে ড. ফিশার দেখান যে, নতুন সঙ্গীরা প্রাক্তনের সব উপহারকে একইভাবে দেখেন না।
প্রাক্তনের দেওয়া সাধারণ সোয়েটার বা পোশাক নিয়ে অধিকাংশ নতুন সঙ্গীর আপত্তি না থাকলেও, ব্যক্তিগত ও অন্তরঙ্গ উপহার প্রায় অর্ধেক সঙ্গীর মধ্যে এবং পুরানো ছবি প্রায় এক-তৃতীয়াংশ সঙ্গীর মধ্যে তীব্র অস্বস্তি তৈরি করে।
গবেষণায় আরও দেখা গেছে, উপহারের চেয়েও বড় বিষয় হল- সেটি রেখে দেওয়ার পেছনের উদ্দেশ্য বা ব্যাখ্যা:
* শুধুই ‘জীবনের একটি স্মৃতি’ হিসেবে রাখা হয়েছে জানালে ৫৯ শতাংশ এবং ‘জিনিসটি দরকারি’ বললে ৫৪ শতাংশ সঙ্গী তা স্বাভাবিকভাবে মেনে নেন।
* কিন্তু প্রাক্তনের প্রতি এখনও টান রয়েছে বা অতীত ভুলতে পারছেন না- এমন ইঙ্গিত পেলে প্রায় এক-তৃতীয়াংশ (২৯ শতাংশ) সঙ্গী সম্পর্কের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
২০০৯ সালে ‘পার্সোনাল রিলেশনশিপস’ এবং ২০১৩ সালে ‘জার্নাল অব অ্যাডোলেসেন্ট রিসার্চ’-এ প্রকাশিত গবেষণাগুলোতে দেখা গেছে, তরুণদের মধ্যে ৪৪ থেকে ৬০ শতাংশই বিচ্ছেদের পর পুনরায় প্রাক্তনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
ড. ফিশারের মতে, “এই পরিসংখ্যানের কারণেই বর্তমান সঙ্গীরা প্রাক্তনের উপহারকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর সংকেত হিসেবে দেখে ঈর্ষান্বিত হন।”
নারী ও পুরুষের প্রতিক্রিয়ার ভিন্নতা
২০২১ সালে ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ প্রকাশিত বিবর্তনমূলক মনোবিজ্ঞানের গবেষণার সূত্র ধরে ড. ফিশার জানান, নতুন সঙ্গীর কাছে প্রাক্তনের কোনও স্মৃতিচিহ্ন থাকলে নারীদের তুলনায় পুরুষেরা বেশি অস্বস্তিতে ভোগেন।
পুরুষেরা সাধারণত সম্পর্ক ভালোভাবে শেষ হলে উপহার রাখেন। তবে তিক্ত বিচ্ছেদের পর তা ফেলে দেন।
বিপরীতে, নারীরা তিক্ত বিচ্ছেদের পরও মূল্যবান গয়না বা উপহার রেখে দেন, কারণ তাদের কাছে সেটি প্রাক্তন ব্যক্তির চেয়েও নিজের জীবনের একটি নির্দিষ্ট সময়ের স্মারক হিসেবে বিবেচিত হয়।
সঙ্গীর সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখার পরামর্শ
ড. মেরিয়ান ফিশারের মতে, “যদি মনে প্রাক্তনের জন্য কোনও অসমাপ্ত অনুভূতি না থাকে, তবে আলমারিতে পড়ে থাকা প্রাক্তনের দেওয়া পুরানো লাল সোয়েটারটি বর্তমান সম্পর্কের জন্য কোনও হুমকি নয়।”
যদি উপহারটি কেবলই সময়ের একটি স্মৃতি বা দরকারি জিনিস হয়, তবে তা নিশ্চিন্তে ব্যবহার করা যায়;
কিন্তু মনে যদি এখনও প্রাক্তনের ছায়া থেকে যায়, তবে উপহার নয় বরং নিজের আবেগীয় প্রস্তুতি নিয়েই নতুন করে ভাবা উচিত।
