ঝগড়া চরম পর্যায়ে পৌঁছানোর আগেই থামার উপায়
সঙ্গীর সঙ্গে ঝগড়া বেড়ে গেলে কখন বিরতি নেবেন এবং শান্ত হওয়ার পর কীভাবে আলোচনায় ফিরবেন জেনে নিন।
বেসিনে পড়ে থাকা নোংরা থালাবাসন বা দৈনন্দিন ছোটখাটো বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে তর্কাতর্কি প্রায় প্রতিটি সম্পর্কেই ঘটে।
তবে পরস্পরের কথা না শুনে কে কাকে হারিয়ে জিতবেন- এই প্রতিযোগিতায় নামলে সামান্য মতবিরোধও ভয়াবহ রূপ নেয়।
মনস্তত্ত্ববিদদের মতে, ঝগড়া নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই সাময়িকভাবে আলোচনা থামিয়ে নিজেদের শান্ত করার প্রক্রিয়া বা ‘কুলডাউন পিরিয়ড’, সম্পর্কে তিক্ততা ও দীর্ঘমেয়াদী ক্ষত এড়ানোর কার্যকর উপায়।
মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সাতজন মার্কিন মনস্তত্ত্ববিদ ও থেরাপিস্ট ঝগড়ার মাঝে কখন বিরতি নেওয়া উচিত, বিরতির সময় কী করা জরুরি এবং শান্ত হওয়ার পর কীভাবে আলোচনায় ফিরতে হবে- সেসব কৌশল তুলে ধরেছেন।
কেন ঝগড়ার মাঝে বিরতি নেওয়া জরুরি?
বিশেষজ্ঞদের মতে, তীব্র রাগের সময় মস্তিস্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশ ‘অ্যামিগডালা’ সক্রিয় হয়ে ওঠে এবং যুক্তিবাদী অংশ ‘প্রিফ্রন্টাল কর্টেক্স’-কে অকেজো করে দেয়। ফলে ‘ফাইট অর ফ্লাইট’ বা আক্রমণাত্মক অবস্থায় চলে যায় মানুষ এবং শরীরে স্ট্রেস হরমোনের প্রবাহ বেড়ে যায়।
নিউ ইয়র্কের মনোবিদ স্কট ডুকেট বলেন, “এই অবস্থায় সঙ্গীর প্রতি সহমর্মিতা ও শোনার ক্ষমতা পুরোপুরি লোপ পায়।”
ফ্লোরিডার মনোবিজ্ঞানী ও সেক্স থেরাপিস্ট ডা. রাচেল নিডলের মতে, “দাম্পত্য জীবনে দীর্ঘমেয়াদী বৈরী আচরণ মানসিক চাপ বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয় এবং শরীরের ক্ষত শুকানোর প্রক্রিয়াকেও ধীর করে দেয়।”
বিরতি নেওয়ার শারীরিক ও আবেগীয় সংকেত
শারীরিক সংকেত: নিউ ইয়র্কের ক্লিনিকাল সাইকোলজিস্ট মিক্লোস হারগিটাই বলেন, “তীব্র চাপের সময় কাঁধে ভারী বোধ হওয়া, বুকে চাপ অনুভব করা, শরীর গরম হয়ে যাওয়া বা মাথা শূন্য হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলেই বুঝতে হবে এখনই বিরতি নেওয়া প্রয়োজন।”
আবেগীয় সংকেত: নিউ ইয়র্কের মনোচিকিৎসক জুলিয়ান ম্যাক্সওয়াল্ডের মতে, “রাগের তীব্রতা ১ থেকে ১০-এর স্কেলে ৮ বা তার ওপরে (‘রেড জোন’) উঠে গেলে মানুষ আর যুক্তিসংগতভাবে ভাবতে পারেন না। তাই রাগ ৬ বা ৭-এর ঘরে (‘ইয়েলো জোন’) থাকতেই থেমে যাওয়া উচিত।”
ড. রাচেল নিডল বলেন, “যখন সঙ্গীকে বেশি আঘাত করার মতো কোনও কথা বলার তীব্র ইচ্ছা জাগে, তখনই বুঝতে হবে সমস্যা সমাধানের বদলে ঝগড়ায় জেতার চেষ্টা শুরু হয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই বিরতি নেওয়া আবশ্যক।”
সঙ্গীকে বিরতির কথা যেভাবে বলবেন
ডা. নিডল এবং স্কট ডুকেটের পরামর্শ অনুযায়ী- ঝগড়ার মাঝখানে নয়, বরং সম্পর্ক যখন শান্ত ও ভালো থাকে তখনই ‘কুলডাউন’ বা বিরতির নিয়ম ঠিক করে রাখা উচিত।
তর্ক বেড়ে গেলে, ‘আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন আমি ভীষণ রেগে আছি, তাই এই মুহূর্তে কথা বলতে পারছি না’ বা ‘আমার একটু টাইম-আউট প্রয়োজন’- এমন সংকেত ব্যবহার করা যেতে পারে।
তবে এটি যেন আলোচনা চিরতরে বন্ধ করা বা সঙ্গীকে উপেক্ষা করা না হয়, বরং একটি নির্দিষ্ট সময়ের বিরতি যেন হয় সেটা স্পষ্ট করতে হবে।
বিরতির সময় কী করবেন এবং কী করবেন না?
নিরবচ্ছিন্ন চিন্তা বন্ধ করা: নিউ ইয়র্কের মনোবিদ রেবেকা সোকল সতর্ক করে বলেন, “বিরতির সময় আলাদা বসে সঙ্গী কীভাবে আপনাকে কষ্ট দিয়েছেন বা আপনি কী জবাব দিতে পারতেন- সেসব নিয়ে বারবার ভাবলে রাগ আরও বাড়বে।
বরং স্নায়ুতন্ত্রকে শান্ত করতে হাঁটাহাঁটি করা, গভীর শ্বাস নেওয়া, গান শোনা বা থালাবাসন ধোয়ার মতো সাধারণ কোনও কাজে মন দেওয়া উচিত।”
কতক্ষণ সময় নেবেন: নিউ ইয়র্কের মনোচিকিৎসক ইভা ডিলন বলেন, “গবেষণা অনুযায়ী মস্তিস্কের যুক্তিবাদী অংশ পুনরায় সচল হতে অধিকাংশের অন্তত ২০ মিনিট সময় লাগে। কারও কারও ক্ষেত্রে কয়েক ঘণ্টাও লাগতে পারে। তবে অনির্দিষ্টকালের জন্য আলোচনা ঝুলিয়ে রাখলে সম্পর্ক মেরামত করা কঠিন হয়ে পড়ে।”
শান্ত হওয়ার পর যেভাবে আলোচনায় ফিরবেন
রেবেকা সোকলের মতে, “যিনি শান্ত হওয়ার জন্য বেশি সময় চেয়েছিলেন, তারই দায়িত্ব হল শান্ত হওয়ার পর সঙ্গীকে জানানো যে, তিনি এখন কথা বলার জন্য প্রস্তুত।”
নিউ ইয়র্কের যুগলদের মনোচিকিৎসক মার্টি ব্যাবিটস এবং মিক্লোস হারগিটাই পরামর্শ দেন, বিরতির পর ফিরে এসেই আবার পুরানো দোষারোপ শুরু করা যাবে না।
বরং একজন সাংবাদিকের মতো কৌতূহলী হয়ে সঙ্গীর দৃষ্টিভঙ্গি ও অনুভূতি শোনার মানসিকতা নিয়ে কথা শুরু করতে হবে, যাতে একই ঝগড়ার পুনরাবৃত্তি না ঘটে।
