হামলার নিশানায় সাইফ, নেপথ্যে বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে অভিযুক্ত
এ ঘটনায় বেঙ্গালুরু থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিনেতা সাইফ আলী খান সহজে বিপদমুক্ত হতে পারছেন না। এবার প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেই হুমকি এসেছে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে সন্দেহভাজন জিশান আখতারের তরফ থেকে। পুলিশ বলছে, ইমেইলের মধ্যে বলিউডের অভিনেতা তুষার কাপুর, আয়ুষ্মান খুরানা আগে হুমকি পান, তাদের পরে এসেছে পতৌদি নবাব পরিবারের ছেলের নাম।
হুমকির পরপরই তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় বৈভব মিশ্র নামের একজনকে। তবে কোনো পেশাগত অপরাধী দলের সঙ্গে ৩০ বছর বয়সি ওই যুবকের সম্পৃক্ততা পাওয়া যায়নি। সাইফ, তুষাদের হুমকি পাঠাতে এইআইের সহায়তা নিয়েছিলেন বলে পুলিশের প্রাথমিক জেরায় জানিয়েছেন তিনি।
গেল বছর বাড়ির ভেতরে হামলার শিকার হওয়ার পরই বাড়তি নিরাপত্তায় থাকেন সাইফ; এবার হুমকি আসার পর সেই নিরাপত্তা আরও জোরদার করেছেন তিনি।
বাবা সিদ্দিকের হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত জিশান আখতারকে কানাডায় আটক করা হয়েছে বলে খবর আসে গেল বছর। তবে সরকারিভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বলিউডি তারকাদের সঙ্গে বাবা সিদ্দিকীর যোগাযোগ ছিল নিবিড়। রোজার মাসে তার দেওয়া ইফতার পার্টি পরিণত হয়েছে বলিউড তারকাদের মিলনমেলায়। ২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ের শহরতলি বান্দ্রায় শনিবার দশেরার বাজি ফোটানোর সময় তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়। এখন পর্যন্ত এই মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে হিন্দি সিনেমার একের পর এক অভিনেতাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তবে এই হুমকি আসছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে।
শুরু হয় টাইগার শ্রফকে দিয়ে। গেল ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুস্প পার্কের কাছে ফুটবল খেলে ফিরছিলেন টাইগার। পথে টাইগারের গাড়ি লক্ষ্য করে ৭ রাউন্ট গুলি ছোড়ে হামলাকারীরা। তাতে টাইগারের গাড়িচালক ও পথের এক অটোচালক আহত হন। টাইগার আহতদের নিয়ে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাকারীরা জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ছিলেন সালমান খান। হামলাকারীরা সালমানের বান্দ্রার বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের’ আশপাশে রেকি করেছিল। কিন্তু সেখানকার কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখে তারা সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়।
এরপর তারা ঠিক করে, সালমানের ঘনিষ্ঠজনদের উপর হামলা চালিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হবে। তাই তুলনামূলক কম নিরাপত্তায় থাকা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানো হয়।
সালমান খানের নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ার পর হামলাকারীরা আমির খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও সঞ্জয় দত্তের বাড়ি রেকি করে।
