২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

‘ক্ষমা চাইতেই হবে’ টাইগারকে হামলার পর সালমানকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

“সালমান ক্ষমা না চাইলে তাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না, আর ক্ষমা চাইলে আর কোনও শত্রুতা থাকবে না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 09:55 PM

Updated : 20 Oct 2026, 09:55 PM

বলিউডের অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার পর ফের সামনে এসেছে সালমান খান ও গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ।

টাইগারকে লক্ষ্য করে গুলি করার দায় স্বীকার করার পর এই গ্যাংটি ফের দাবি করেছে, তাদের কাছে সালমানকে ক্ষমা চাইতে হবে। না হলে সালমান ও ঘনিষ্ঠজনদের রেহাই নেই। এক অডিও বার্তায় এই হুমকি বার্তা এসেছে বলে জানিয়েছে ‘দ্য ওয়াল’

এদিকে সালমানের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। মুম্বাইয়ে অভিনেতার বান্দ্রার বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টাইগার শ্রফের ওপর হামলার দিন রোববারই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও বার্তা সামনে আসে, যেখানে এক ব্যক্তিকে হিন্দিতে বলতে শোনা যায়, “আমি অনিল পণ্ডিত। আমি লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাইয়ের মত।

“পুরো চলচ্চিত্র শিল্পে যেই আমাদের সাথে তাল না মিলিয়ে কাজ করবে, কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবে, তাকেই হত্যা করা হবে। এটিই প্রথম এবং শেষ সতর্কতা।”

এই অনিল পণ্ডিতই নতুন বার্তায় বলেছেন, সালমান ক্ষমা না চাইলে তাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। আর অভিনেতা ক্ষমা চাইলে তাদের আর কোনও শত্রুতা থাকবে না বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি, সালমানের সঙ্গে যারা যোগাযোগ রাখেন, তাদের এবং তার পরিবারকে ধ্বংস করে দেওয়ারও হুমকি দিয়েছেন অনিল।

অডিও বার্তায় অনিলের বক্তব্য, সালমান কেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাশে দাঁড়াননি? ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সুশান্তকে।

ভারতের রাজস্থানের প্রভাবশালী বিষ্ণোই সম্প্রদায়ের সঙ্গে সালমানের বিরোধ অনেক পুরনো। ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে শুটিং করতে গিয়ে সালমান খান দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন। বিরল প্রজাতির এই হরিণকে বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ অত্যন্ত পবিত্র বলে মনে করে।

এরপরই সালমানের বিরুদ্ধে মামলা করে বিষ্ণোই সম্প্রদায়। এ মামলায় ২০১৮ সালে পাঁচ বছরের জেলও হয় সালমানের। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।

কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়ায় বিষ্ণোই সম্প্রদায়ের সদস্য সন্ত্রাসী লরেন্স বিষ্ণোই সালমআনের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দেন। এরপর একাধিকবার সালমান ও তার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজনের ওপর হামলার চেষ্টা করে লরেন্স বিষ্ণোই গ্যাং।

টাইগার শ্রফের ওপর হামলার আগে সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার অভিযোগ তুলে ২০২৪ সালের ১২ অক্টোবর মহারাষ্ট্রের সাবেক মহারাষ্ট্রের মন্ত্রী বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করে বিষ্ণোই গ্যাং।

টাইগার এবং সালমান খান একসঙ্গে কোনো চলচ্চিত্রে অভিনয় না করলেও, তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। ২০১২ সালে বলিউড প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ‘হিরাপান্তি’ সিনেমায় প্রথম নায়ক হিসেবে টাইগার বলিউডে তার যাত্রা শুরু করেন।

শোনা যায়, সালমানই মূলত নাদিয়াদওয়ালাকে পরামর্শ দিয়েছিলেন টাইগারকে সিনেমায় নেওয়ার। টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ একাধিক চলচ্চিত্রে সালমান খানের সঙ্গে কাজ করেছেন।

এদিকে টাইগারের উপর হামলায় জড়িত সন্দেহে রাজস্থানের কোটা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের জন্য তাদের মুম্বাইয়ে আনা হচ্ছে।

এই তিন জন হলেন- হরিয়ানার সোনিপতের বাসিন্দা রেহান রহিসউদ্দীন (১৮) ও ফুল সিংহ (১৮) এবং বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা হৃতিক মাহতো (২২)।

টাইগার শ্রফ বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে। অভিনয়ের পাশাপাশি টাইগার পেশাদার মার্শাল আর্ট শিল্পী হিসেবেও পরিচিত। নাচের জন্যও তিনি জনপ্রিয়।

মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যায়। একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় হামলার মুখে পড়েন টাইগার। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গুলি চালান।

এ ঘটনায় টাইগারের গাড়ি চালক ও কাছাকাছি থাকা একজন অটো চালক আহত হয়েছেন।

পুলিশ বলছে, দুই বন্দুকধারী গাড়িটি লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে। এরপর দেখা যায় তাদের একজনের বন্দুক আর কাজ করছে না। এরপর গাড়ি থেকে গুলিবিদ্ধ চালক বের হয়ে আসতেই, আগে থেকেই ঠিক করে রাখা একটি বাইকে করে হামলাকারীরা পালিয়ে যায়।

হত্যাচেষ্টার ঘটনায় জুহু পুলিশ তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মুম্বাই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের যৌথ উদ্যোগে ১৫টি বিশেষ দল গঠন করা হয়েছে।

পুরনো খবর:

টাইগার শ্রফকে হত্যাচেষ্টা: ছোড়া হয় ৫টি গুলি, হামলাকারীদের ছবি প্রকাশ
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যার চেষ্টা
সালমানের বাসভবনে গুলি: সাক্ষ্যে যা বললেন দেহরক্ষী