০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

‘ক্ষমা চাইলেই বিবাদ মিটবে’, সালমানকে বিষ্ণোই মন্দিরে আসার আমন্ত্রণ

রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগের বিষয়টি তাতে মিটে যাবে বলে আশা করছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাকা।

‘ক্ষমা চাইলেই বিবাদ মিটবে’, সালমানকে বিষ্ণোই মন্দিরে আসার আমন্ত্রণ

‘রেডি’ সিনেমার শুটিংয়ের মাঝে সালমান খানকে প্রথমবার হত্যার হুমকি দেন লরেন্স বিষ্ণোই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 10:03 PM

Updated : 04 Nov 2026, 10:03 PM

বলিউড অভিনেতা সালমান খানকে আবারও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাকা রমেশ বিষ্ণোই।

রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগের বিষয়টি তাতে মিটে যাবে বলে আশা করছেন রমেশ।

বিষ্ণোই সমাজের ৫৪২তম প্রতিষ্ঠা দিবসে মঙ্গলবার দেওয়া এক বার্তায় তিনি সালমানকে বিকানেরের 'মুক্তিধাম মুকাম' মন্দিরে আসার আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর দিয়েছে দ্য ওয়াল।

তিনি বলেছেন, “এ অধ্যায়ের এখানেই ইতি হওয়া উচিত। একটা ক্ষমাপ্রার্থনাই যথেষ্ট, বিষয়টি অনেক দূর গড়িয়েছে।”

বলিউড তারকা মন্দিরে আসতে রাজি হলে সেখানে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথাও বলেছেন রমেশ বিষ্ণোই। এ নিয়ে দীর্ঘদিনের পুরনো ক্ষোভের সমাধান হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।

দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হিংসাত্মক কার্যকলাপ বা হুমকি থেকে নিজের দূরত্ব বজায় রেখেছেন রমেশ বিষ্ণোই।

বলিউডের আরেক তারকা টাইগার শ্রুফের গাড়িতে সম্প্রতি গুলি করার ঘটনার পর আবার আলোচনায় এসেছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ভারতীয় সংবাদমাধ্যমের খবর এ হামলার পেছনে রয়েছে কারাবন্দি লরেন্স বিষ্ণোই।

এমন প্রেক্ষাপটে বিষ্ণোই সমাজের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লরেন্সের কাকা রমেশ বিষ্ণোই বলেন, সালমান খান চাইলে ‘মুক্তিধাম মুকাম’ মন্দিরে এসে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে পারেন।

তিনি বলেন, লরেন্স বিষ্ণোই বা বিষ্ণোই সমাজের অন্য কোনো সদস্যের সঙ্গে এ অভিনেতার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। এমনকি লরেন্স কিংবা তার দলের মাধ্যমে সালমান বা তার ঘনিষ্ঠদের ওপর কোনো হামলা বা হুমকির ঘটনাকে তিনি সমর্থন করেন না।

হিংসার পথ থেকে দূরে থাকার জন্য তিনি লরেন্স ও অন্যদের বারবার পরামর্শ দিয়েছেন বলেও দাবি করেন রমেশ। বলেন, “আমি শুধু বলতে চাই, এই ঘটনা নিয়ে সম্প্রদায়ের মনে ক্ষোভ জমে রয়েছে এবং সেটার সমাধান হওয়া দরকার।”

সাক্ষাৎকারে সালমান খানের বাবা সেলিম খানের তোলা নিরাপত্তার আশঙ্কাও বাতিল করে ব্যক্তিগতভাবে সুরক্ষার আশ্বাস দেন রমেশ। বলেন, “এই অধ্যায়টির এখানেই ইতি হওয়া উচিত। একটা ক্ষমাপ্রার্থনাই যথেষ্ট, বিষয়টি অনেক দূর গড়িয়েছে।”

পুরনো খবর:

‘ক্ষমা চাইতেই হবে’ টাইগারকে হামলার পর সালমানকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
টাইগার শ্রফ নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন আমির, কেন বদলাল টার্গেট?
শুটিংয়ে ফিরছেন টাইগার শ্রফ, প্রকাশ হবে না সেটের ঠিকানা
টাইগার শ্রফকে হত্যাচেষ্টা: ছোড়া হয় ৫টি গুলি, হামলাকারীদের ছবি প্রকাশ
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যার চেষ্টা