বিষ্ণোইদের নিশানায় ছিলেন সঞ্জয়ও
সঞ্জয় কোন তলায় থাকেন বা তার গাড়ি কোনটি, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি হামলাকারীরা।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় থাকা বলিউড তারকাদের তালিকা দীর্ঘ হচ্ছে। এবার জানা গেল, অভিনেতা সঞ্জয় দত্তের নাম। কারণ বয়সের ব্যবধান থাকলেও সালমান ও সঞ্জয় দীর্ঘদিনের বন্ধু।
সংবাদমাধ্যম ‘ডিএনএ’ জানিয়েছে, টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার তদন্তে এই তথ্য উঠে এসেছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাকারীরা জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ছিলেন সালমান। হামলাকারীরা সালমানের বান্দ্রার বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের’ আশপাশে রেকি করেছিল। কিন্তু সেখানকার কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখে তারা সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়।
এরপর তারা ঠিক করে, সালমানের ঘনিষ্ঠজনদের উপর হামলা চালিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হবে। তাই টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানো হয়।
সালমান খানের নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ার পর হামলাকারীরা আমির খান, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের বাড়ি রেকি করে।
এবার বেরিয়ে আসল সাঞ্জুবাবা খ্যাত সঞ্জয় দত্তের নাম।
তদন্তকারী কর্মকর্তা দাবি, টাইগারের ঘটনায় রেহান এবং ফুল সিং নামে দুই শুটার হরিয়ানার সোনিপতের বাসিন্দা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তারা মুম্বইয়ে আসে। তাদের সঙ্গে ছিল মধ্যপ্রদেশে বেআইনি দেশি আগ্নেয়াস্ত্র। তবে নজরদারি চালানোর দিন অস্ত্রটি হোটেলেই রেখে গিয়েছিল তারা।
তদন্তকারীদের দাবি, এই গ্যাংয়ের সদস্য অমিত পণ্ডিতই তাদের নির্দেশ দেয়, বলিউডের অন্য অভিনেতাদের বাড়িতে গিয়ে নজরদারি চালানোর জন্য। শুধু তাই নয়, বাড়ির চারপাশের ভিডিও করারও নির্দেশও দেওয়া হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।
তদন্তকারীরা জানিয়েছেন, সালমানের বাড়ির বাইরে থেকে একটি অটো ভাড়া করে তারা প্রথমে আমির খানের বাড়ি, তার পরে ইমরান হাশমির বাড়িতে যায় তারা। শেষ পর্যন্ত পৌঁছোয় সঞ্জয় দত্তের পালি হিলের বাড়িতে। সেখানে গিয়ে সঞ্জয় বাড়িতে রয়েছেন কি না, তা জানার চেষ্টা করে অভিযুক্তেরা।
অভিনেতা তার বাড়ির কোন তলায় থাকেন, কোন গাড়িতে যাতায়াত করেন এবং তার সঙ্গে নিয়মিত কারা থাকেন, সেই তথ্যও জানতে চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা।
তদন্তকারীদের দাবি, সঞ্জয়কে বাড়ি থেকে বের হতে বা গাড়িতে উঠতে দেখা যাচ্ছে, এমন ভিডিও ইউটিউব ও ইনস্টাগ্রামে খুঁজতে শুরু করে অভিযুক্তেরা। ভিডিওতে দেখা গাড়ির সঙ্গে আবাসনের ভেতরে রাখা গাড়িগুলির মিল খোঁজারও চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত সঞ্জয় কোন তলায় থাকেন বা তার গাড়ি কোনটি, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি তারা।
