২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘বরিশল উপজেলায় যাব না’ দাবিতে রেলপথ অবরোধ, আটকা দুই ট্রেন

এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা পাঘাচং স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 02:48 PM

Updated : 24 Nov 2026, 02:48 PM

‘বরিশল উপজেলায় যাব না’- এমন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা রেলপথ অবরোধ করেছেন।

এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় দুটি ট্রেন আটকা পড়ে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধ করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি খাইরুল আলম।

এর আগে সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করেন ইউনিয়নের বাসিন্দারা। এতে স্থানীয় বিএনপির নেতারা নেতৃত্ব দেন। পরে বেলা ১১টার দিকে তারা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে আলাদা করে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এখন ওই ইউনিয়নকে উপজেলা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত উপজেলায় মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এর প্রতিবাদে তারা আন্দোলন করছেন।

অবরোধের কারণে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচং স্টেশনে আটকা পড়ে।

জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, সদর উপজেলার মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। তারা এ সিদ্ধান্ত মানবেন না।

তিনি বলেন, “কোনো অবস্থাতেই আমরা বরিশলে যুক্ত হব না। আমাদের দাবি মানা না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।”

ওসি খাইরুল আলম বলেন, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।