০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শেরপুরে শিকারের সরঞ্জামসহ পাখি উদ্ধার, একজনকে ৭ দিনের কারাদণ্ড

এ সময় ১২টি বক এবং ৬টি বেগুনি কালেম উদ্ধার করে অবমুক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 07:32 PM

Updated : 03 Nov 2026, 07:32 PM

পাখি শিকার বন্ধে শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় পাখি শিকারের ১৪টি ফাঁদ ও ১২টি বক এবং ৬টি বেগুনি কালেম উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোর ৬টা থেকে উপজেলার ধলা ও কামারিয়া ইউনিয়নে চালানো অভিযানে আটক এক শিকারিকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় বলে জানিয়েছেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ড পাওয়া নেজামুল (৪৮) কামারিয়া ইউনিয়নের আলীনাপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযানে উদ্ধার করা বক ও বেগুনি কালেম প্রকৃতিতে অবমুক্ত করা হয়। এ ছাড়া পাখির সুরক্ষায় সচেতনতা বাড়াতে এলাকাবাসীর মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

অভিযানে শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি, স্বেচ্ছাসেবক মো. রফিক মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার বলেন, নেজামুলকে জেল কারাগারে পাঠানো হয়েছে। পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।