২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় জেলি-কস্টিক সোডায় নকল দুধ তৈরি, ৪ জনকে জেল-জরিমানা

অভিযানে তিন ড্রাম জেলি, ৫০০ গ্রাম কস্টিক সোডা এবং তিন ড্রাম ভেজাল দুধ জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 09:51 PM

Updated : 23 Nov 2026, 09:51 PM

পাবনার ফরিদপুর উপজেলায় জেলি ও কস্টিক সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আটক আরও দুইজনকে জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় উত্তম ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন।

দণ্ড পাওয়াদের মধ্যে আবুল হোসেনকে (৩৬) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ওমর ফারুককে (২৫) এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটক অপর দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করে ভবিষ্যতে এমন কাজে না জড়ানোর অঙ্গীকারে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সাজা পাওয়া আবুল হোসেন উপজেলার গোপালনগর গ্রামের মো. আনছার প্রামাণিকের ছেলে এবং ওমর ফারুক একই গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, অভিযানের সময় ঘটনাস্থল থেকে নকল ও ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত তিন ড্রাম জেলি, ৫০০ গ্রাম কস্টিক সোডা এবং তিন ড্রাম ভেজাল দুধ জব্দ করা হয়। এ সময় ভেজাল দুধ তৈরির সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাৎক্ষণিকভাবে তাদের জেল ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও উম্মে ইমামা বানিন বলেন, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভেজাল মিশিয়ে যারা মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলবে, তারা যত শক্তিশালীই হোক না কেন, আইনের আওতায় আনা হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ইউএনও সঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলহাজ উদ্দিন, পুলিশ সদস্য এবং উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।