মালিকানার তথ্য প্রকাশ বাধ্যতামূলক করে নতুন কোম্পানি আইনের খসড়া প্রকাশ
খসড়ায় 'সিগনিফিক্যান্ট বেনিফিশিয়াল ওনারশিপ’ ধারণা যুক্ত করা হয়েছে।
বিভিন্ন কোম্পানির মালিকানার প্রকৃত তথ্য না পাওয়ায় যেসব জটিলতা তৈরি হয়, তা থেকে বেরিয়ে আসতে প্রকৃত মালিকানার তথ্য প্রকাশ বাধ্যতামূলক করে 'কোম্পানি আইন, ২০২৬' নামে নতুন আইনের খসড়া প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
এতে নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল করার পাশাপাশি আইন লঙ্ঘনের শাস্তি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে গ্রুপভুক্ত কোম্পানির মধ্যে ঋণ ও গ্যারান্টির সীমা বেঁধে দেওয়া এবং কোম্পানি একীভূতকরণ ও পুনরুদ্ধারের নতুন কাঠামো যুক্ত করা হয়েছে।
রোববার কোম্পানি আইন, ১৯৯৪ বাতিল করতে নতুন আইনের খসড়া প্রকাশ করেছে মন্ত্রণালয়।
খসড়ায় বিদ্যমান আইনের সঙ্গে প্রস্তাবিত সংশোধনীর তুলনা করে তৈরি খসড়ায় প্রতিটি পরিবর্তনের পাশে যৌক্তিকতাও দেওয়া হয়েছে। এতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর বিধান অনুযায়ী বাণিজ্য সংগঠনকেও কোম্পানি আইনের আওতায় নিবন্ধনের কথা বলা হয়েছে।
খসড়ার ৩৪ক ধারায় 'সিগনিফিক্যান্ট বেনিফিশিয়াল ওনারশিপ’ ধারণা যুক্ত হয়েছে। কেউ এককভাবে বা অন্যের সঙ্গে মিলে, সরাসরি বা পরোক্ষে, নমিনি বা ট্রাস্টের মাধ্যমে কোম্পানির ইকুইটি শেয়ার মূলধনের নামিক মূল্যের ২৫ শতাংশের কম নয় এমন প্রকৃত মালিকানা ধারণ করলে, অথবা কোম্পানির ওপর উল্লেখযোগ্য প্রভাব বা নিয়ন্ত্রণ খাটালে, তিনি উল্লেখযোগ্য হিতগ্রাহী মালিক গণ্য হবেন।
এছাড়া নিবন্ধিত শেয়ারধারক ও প্রকৃত মালিককে নির্ধারিত সময়ে কোম্পানির কাছে ঘোষণা দেওয়ার কথা বলা হয়েছে। মালিকানায় পরিবর্তন হলে ৩০ দিনের মধ্যে জানাতে হবে। কোম্পানিকে এ বিষয়ে একটি নিবন্ধন সংরক্ষণ করতে হবে এবং ৩০ দিনের মধ্যে রিটার্ন নিবন্ধকের (আরজেএসসি) কাছে জমা দিতে হবে।
ঘোষণা না দিলে ব্যক্তিকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ব্যর্থতা চলতে থাকলে প্রতিদিন ১০০ টাকা করে অতিরিক্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া সরকার সংশ্লিষ্ট শেয়ারের ভোটাধিকার, লভ্যাংশ ও হস্তান্তরের অধিকার স্থগিত বা সীমিত করতে পারবে বলেও খসড়ায় যুক্ত করা হয়েছে।
খসড়ায় সংযুক্ত যৌক্তিকতা অংশে অবশ্য এই বিধানের কিছু ঝুঁকির কথাও বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'নিয়ন্ত্রণ' পরীক্ষার অস্পষ্টতা এবং একাধিক সংস্থায় একই তথ্য বারবার দাখিলের বাধ্যবাধকতা বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য ব্যয়বহুল হতে পারে।
'বেনিফিশিয়াল ওনারশিপ' ও 'সিগনিফিক্যান্ট বেনিফিশিয়াল ওনারশিপ'কে আলাদাভাবে সংজ্ঞায়িত করার সুপারিশও করা হয়েছে।
এছাড়াও মূল কোম্পানি, অধস্তন বা সহযোগী কোম্পানি এবং অভিন্ন নিয়ন্ত্রণাধীন কোম্পানির মধ্যে ঋণ, বিনিয়োগ, গ্যারান্টি ও জামানতের সীমা নির্ধারণ করা হয়েছে। এ ধরনের লেনদেনের মোট পরিমাণ কোম্পানির পরিশোধিত শেয়ার মূলধন, মুক্ত সংরক্ষিত তহবিল ও শেয়ার প্রিমিয়ামের যোগফলের ৬০ শতাংশ, অথবা মুক্ত সংরক্ষিত তহবিল ও শেয়ার প্রিমিয়ামের ১০০ শতাংশের মধ্যে যেটি বেশি, তার বেশি হতে পারবে না।
সীমা ছাড়ালে সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্তে পূর্বানুমোদন নিতে হবে। তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে লেনদেন মোট দৃশ্যমান সম্পদের বা মোট রাজস্বের ১০ শতাংশ বা তার বেশি হলে সাধারণ সভার অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
এ ধারা লঙ্ঘন করলে কোম্পানির ৫ লাখ থেকে ২৫ লাখ টাকা জরিমানা এবং সংশ্লিষ্ট পরিচালক বা কর্মকর্তার ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের প্রস্তাব রয়েছে।
এছাড়া দোষী সাব্যস্ত পরিচালক পাঁচ বছরের জন্য পরিচালক হওয়ার অযোগ্য হবেন। পরিচালকদের ঋণ সংক্রান্ত ১০৩ ধারায় সর্বোচ্চ জরিমানা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
নিবন্ধন ও প্রশাসনিক প্রক্রিয়ায় ডিজিটালাইজেশনের প্রস্তাব দেওয়া হয়েছে। সংঘস্মারক ও সংঘবিধির আদর্শ ফরম্যাট ইলেকট্রনিক মাধ্যমে দাখিল করলে স্বয়ংক্রিয় নিবন্ধন হবে। সদস্য-নিবন্ধন সুরক্ষিত ইলেকট্রনিক মাধ্যমে রাখা যাবে।
সভার নোটিশ ইলেকট্রনিক মাধ্যমে দেওয়া যাবে, এবং বার্ষিক সাধারণ সভা শারীরিক, ভার্চুয়াল বা হাইব্রিড পদ্ধতিতে করার সুযোগ থাকবে।
ইলেকট্রনিক রেকর্ড ও স্বাক্ষরের আইনি স্বীকৃতি এবং ডিজিটাল রেজিস্ট্রি রাখার বিধান নতুন অধ্যায়ে যুক্ত হয়েছে। ভুয়া ইলেকট্রনিক রেকর্ড দাখিল বা অন্যের ই-স্বাক্ষর অনুমতি ছাড়া ব্যবহারে দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের প্রস্তাব রয়েছে।
জরিমানার ক্ষেত্রে বিদ্যমান আইনের অনেক ধারায় আদালতের মাধ্যমে অর্থদণ্ডের বিধান ছিল। খসড়ায় তার বদলে নিবন্ধকের জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে হারও বাড়ানো হয়েছে।
যেমন কোম্পানির নামসংক্রান্ত নির্দেশ না মানলে প্রতিদিন পাঁচ হাজার টাকা জরিমানা হবে, যা এখন পাঁচশ টাকা। নিবন্ধক নাম পরিবর্তনের আদেশ অমান্য করলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন। প্রসপেক্টাস সংক্রান্ত বিধান লঙ্ঘনের জরিমানা পাঁচ হাজার থেকে বেড়ে ৫০ হাজার টাকা হবে।
খসড়ায় কোম্পানির নামের শেষে পরিচয়সূচক শব্দ ব্যবহারের নিয়ম আরও স্পষ্ট করা হয়েছে।
পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে 'পাবলিক লিমিটেড কোম্পানি' বা 'পিএলসি', প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 'লিমিটেড' বা 'এলটিডি' এবং এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে 'ওপিসি' লিখতে হবে। গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ দায়ের কোম্পানির নামের শেষে 'এলজিসি' যুক্ত করার প্রস্তাব রয়েছে।
এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধনের সীমা বদলে ন্যূনতম পাঁচ লাখ ও সর্বোচ্চ ৫০ কোটি টাকা করার প্রস্তাব এসেছে। বিদ্যমান আইনে এ সীমা ২৫ লাখ থেকে পাঁচ কোটি টাকা এবং বার্ষিক লেনদেনের একটি শর্তও ছিল। প্রস্তাবে লেনদেনের ন্যূনতম সীমার শর্ত বাদ দেওয়া হয়েছে।
পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার বেশি হলে অথবা বার্ষিক লেনদেন ১০০ কোটি টাকার বেশি হলে কোম্পানিকে প্রাইভেট বা পাবলিক লিমিটেডে রূপান্তর করতে হবে।
তালিকাভুক্ত পাবলিক কোম্পানিতে সচিব রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
