শেরপুরের মাংসের ৩ দোকানিকে জরিমানা
দোকানমালিকদের পশু জবাইয়ের আগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশনা দেওয়া হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাংসের তিন দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার উপজেলার আড়াই আনি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান এই আদালত পরিচালনা করেন বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম।
অভিযানে মাংসের দোকানগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ, মাংসের গুণগত মান এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়গুলো তদারকি করা হয়। পরে নানা অনিয়ম পাওয়ায় তিন দোকান মালিকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ড পাওয়া দোকান মালিকরা হলেন, বাজারের আল্লাহর দান মাংসের দোকানের মালিক জসীম উদ্দীন, সাইফুল ভাইয়ের মাংস দোকানের মালিক মো. সাইফুল ইসলাম এবং বিসমিল্লাহ মাংসের দোকানের মালিক মো. আনোয়ার হোসেন।
অভিযানকালে দোকানমালিকদের পশু জবাইয়ের আগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রির বিষয়ে তাদের সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
