২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নড়াইলে ওজনে কম দেওয়ায় ৩ বেকারিকে জরিমানা

ভবিষ্যতে সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 01:16 PM

Updated : 26 Oct 2026, 01:20 PM

নড়াইলে পণ্যে ওজনে কম দেওয়ায় তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

শামীম হাসান বলেন, বিভিন্ন খাদ্যপণ্যে ওজনে কম দেওয়ার অপরাধে ‘পদ্মা’ বেকারির মালিক অজয় দাসকে ১০ হাজার টাকা, ‘আল আমিন’ বেকারির মালিক আনোয়ার হোসেনকে ২ হাজার টাকা এবং ‘মাহমুদা ফুড’ বেকারির মালিক বাচ্চু শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসব বেকারির মালিকদের ভবিষ্যতে সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয় বলে জানান তিনি।

ভোক্তারা যাতে প্রতারিত না হন সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।