অপরিচ্ছন্ন ড্রামে ভোজ্যতেল, ৩ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
রাজধানীর শাহ আলী বাজার, মিরপুর-১ ও কল্যানপুর নতুন বাজার এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
অপরিচ্ছন্ন ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ এবং ‘লেবেলবিহীন’ সয়াবিন ও পাম তেল বিক্রির অভিযোগে রাজধানীর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নগরীর শাহ আলী ও মিরপুর এলাকার বিভিন্ন বাজারে সোমবার খোলা ভোজ্যতেল বিক্রয় কার্যক্রম তদারকির সময় এসব অনিয়ম শনাক্ত করা হয়। অভিযানে ৩ প্রতিষ্ঠানকেই তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তি তথ্য দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রকল্পের আওতায় এ দিন রাজধানীর শাহ আলী বাজার, মিরপুর-১ ও কল্যানপুরের নতুন বাজার এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
এতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সমন্বিতভাবে অংশ নেয়।
অধিদপ্তরের বরাতে মন্ত্রণালয় বলছে, শাহ আলী মার্কেটের মেসার্স নিউ আহমেদ ট্রেডার্সকে নোংরা ও অস্বাস্থ্যকর ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই মার্কেটের নিউ হাওলাদার ট্রেডার্সকে অস্বাস্থ্যকর ড্রামে লেবেলবিহীন খোলা সয়াবিন ও পাম তেল সংরক্ষণের দায়ে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। অন্যদিকে কল্যানপুরের নতুন বাজারে মেসার্স হাসেম জেনারেল স্টোরকে একই ধরনের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে ব্যবসায়ীদের অস্বাস্থ্যকর ও অনিরাপদ পাত্রে খোলা ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তেল সংরক্ষণের পাত্রে প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেল প্রদর্শন নিশ্চিত করতে বলা হয়েছে।
