২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শুঁটকি মাছে রং, পচা মাংস রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 09:30 PM

Updated : 22 Nov 2026, 09:30 PM

চাঁদপুরের বাবুরহাট বাজারে শুঁটকি মাছে রং মেশানো ও পচা মাংস বিক্রির জন্য রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার সকালে অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় এ অভিযান চালায় বলে জানিয়েছেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানে শুঁটকি মাছে রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখার দায়ে উত্তম কুমার সরকারকে ১০ হাজার টাকা এবং আমিন পাটোয়ারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পচা মাংস রাখায় একতা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়। ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। অভিযানে শুঁটকি মাছ ও পচা মাংসও ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, “তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর মালিকেরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। এ ছাড়া বাজারের অন্য দোকানগুলো পরিদর্শন করে ব্যবসায়ীদের পণ্যের দাম লিখে রাখা, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধভাবে পণ্য মজুত না করতেও সতর্ক করা হয়।