০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা

আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও দাম বেশি না রাখার অনুরোধ জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 07:07 PM

Updated : 07 Oct 2026, 07:07 PM

আমদানিকারক ছাড়াই কাশ্মীরি মরিচ ব্যবহার এবং কাঁচা মাংসের সঙ্গে বাসি খাবার সংরক্ষণসহ একাধিক অভিযোগে রাঙামাটির তিনটি রিসোর্টকে দুই লাখ ২০ হাজার জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটির সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ।

অভিযানে বার্গী লেকভ্যালি রিসোর্টকে কাঁচা মাছ মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ, খাবারে কাশ্মীরি মরিচ ব্যবহার, কটেজের রুমভাড়া এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই লাখ টাকা জরিমানা হয়।

এ ছাড়া রিসাং রিসোর্টকে কটেজের রুমভাড়া এবং খাবারের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং কাশ্মীরি মরিচ খাবারে ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা হয়।

অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা, রান্না ঘরে রান্নার উপকরণের ওপরে মাকড়সার জাল এবং একাধিক মাকড়সার উপস্থিতি পাওয়ায় রেং রিসোর্ট ও রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজিদ রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ। এ সময় কোতোয়ালি থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযান চলমান থাকবে জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রানা দেব নাথ বলেন, “আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও তালিকার চেয়ে বেশি মূল্য না রাখার অনুরোধ জানাচ্ছি।”