পরিচয় বদলে আত্মগোপনে থাকা নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুন’ গ্রেপ্তার
বাড়ির মালিককে তারা বলেছিলেন, চর এলাকায় পোলট্রি খামার করার পরিকল্পনা রয়েছে তাদের, বলেছে পুলিশ।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্থানীয় লোকজনের হাতে আটক সাইফুল ইসলাম সুজন আসলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’।
পরিচয় গোপন করে প্রায় দুই মাস ধরে তিনি ওই এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রাজধানী ও আশপাশের এলাকায় কয়েকটি বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনায় ‘বোমারু মামুন’ পুলিশ খুঁজছিল, যিনি নয় বছর আগে জঙ্গিবাদের মামলায় গ্রেপ্তার হয়েও ৫ অগাস্টের পর জামিনে বেরিয়ে যান।
গত ৩ নভেম্বর রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করেন।
এ সময় তিনি একটি হাতবোমার বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে। পালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাত করেন স্থানীয় তিনজনকে। পরে লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটকের পর পুলিশের কাছে নিজেকে সাইফুল ইসলাম সুজন নামে পরিচয় দেন মামুন। বাড়ির ঠিকানা বলেন ভোলা সদর এলাকায়।
তবে রায়পুর থানার ওসি নিজাম উদ্দীন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তার প্রকৃত পরিচয় জানা যায়।
তিনি বলেন, “গ্রেপ্তারের পর মামুন নিজের পরিচয় গোপন করেছিলেন। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘বোমারু মামুন’ নামে পরিচিত।”
পরে মামুনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে পুলিশ। সেগুলো নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা সেখানে যান।
পুলিশ বলেছে, গ্রেপ্তারের দেড় থেকে দুই মাস আগে মামুন রায়পুরায় ওই বাড়ি ভাড়া নেন। সেখানে একজন পুরুষ ও একজন নারীসহ আরও দুজনের সঙ্গে থাকতেন তিনি। বাড়ির মালিককে তারা বলেছিলেন, চর এলাকায় পোলট্রি খামার করার পরিকল্পনা রয়েছে তাদের।
বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।
ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে বর্তমানে তিনি লক্ষ্মীপুর কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন রায়পুর থানার ওসি।
ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) এক কর্মকর্তা বলেন, মামুনের বিরুদ্ধে আরও মামলা থাকায় তাকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েক বছর ধরেই পুলিশের নজরদারিতে ছিলেন মামুন।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তখন তার বয়স ছিল ২১ বছর। ওই বছরের অগাস্টে পান্থপথের হোটেল ওলিওতে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
তখন পুলিশ মামুনকে নব্য জেএমবির শুরা সদস্য হিসেবে পরিচয় দিয়েছিল। হোটেল ওলিওতে হামলায় ব্যবহৃত বোমা তৈরির সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ করেছিল পুলিশ।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জুলাই অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান মামুন।
পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমাসংক্রান্ত কয়েকটি ঘটনার সঙ্গে মামুন ও তার সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এসব ঘটনার মধ্যে রয়েছে, গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশির সময় এক ব্যক্তি এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে বোমা উদ্ধার করা হয়।
জুলাই মাসে আরও দুটি ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার সন্দেহ করছেন তদন্তকারীরা। এর একটি, হিন্দু সম্প্রদায়ের উল্টো রথযাত্রার পথে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে পাইপবোমা লুকিয়ে রাখার ঘটনা। অন্যটি, আশুলিয়ার চরাবাগ এলাকার একটি চায়ের দোকানে প্রেসার কুকারে তৈরি বোমা রেখে যাওয়ার ঘটনা।
ডিএমপির এসআরইউ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মামুনকে আরিফের পরামর্শদাতা হিসেবে শনাক্ত করেছেন তদন্তকারীরা। গত আগস্টে সাভার থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আরিফকে গ্রেপ্তার করা হয়।
পুরোনো খবর:
৫ অগাস্টের পর মুক্তি পাওয়া ‘নব্য জেএমবির বোমারু মামুনকে’ নাটের গুরু বলছে পুলিশ
