০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই: গ্রেপ্তার ২

পরিবারের সদস্যরা ১৯ অক্টোবর রাতে নুর মোহাম্মদকে খুঁজতে বের হলে বাড়ির সামনের সড়কে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 01:37 PM

Updated : 08 Nov 2026, 01:37 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট এক ব্যবসায়ীকে কোপানো ও ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় ছিনতাই হওয়া একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের শরিফুল আলম সোহাগ (৩৫) ও নলেয়া গ্রামের সোহেল রানা স্বপন (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় বাড়ি ফেরার পথে হামলার শিকার হন নুর মোহাম্মদ (৩৯)। তিনি বিকাশ ও রকেটের এজেন্ট ব্যবসা পরিচালনা করেন।

সেদিন রাতে দোকান শেষে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে তার ওপর হামলা চালায় কয়েকজন। তারা ধারালো অস্ত্র দিয়ে মাথা ও হাঁটুতে আঘাত করে নুর মোহাম্মদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে রাত গভীর হলেও নুর মোহাম্মদ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে বাড়ির সামনের সড়কে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মামলার পর পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, ঘটনার ১৮দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িত দুজনকে শনাক্ত করা হয়। পরে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মুনতাসির মামুন মুন বলেন, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।