২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে চার দিনের অভিযানেও অধরা ‘সন্ত্রাসী’ রায়হান, গ্রেপ্তার ৬

দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধারের দাবি পুলিশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 06:40 PM

Updated : 26 Nov 2026, 06:40 PM

চার দিন অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি পুলিশ। তবে তার ব্যবহৃত একটি পিস্তল ও গুলি উদ্ধারের পাশাপাশি ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের একজনের বাড়িতে পিস্তলটি রেখে পালিয়ে যান রায়হান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), ইকতিয়ার ফরহাদ (২০), মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও জাবেদ হোসেন (২৫)।

বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।

তিনি বলেন, রায়হান তার সহযোগীদের নিয়ে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় মহররম আলীর বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তারা সেখানে ছিলেন।

“সেখান থেকে চলে যাওয়ার সময় নিজের ব্যবহৃত ইতালির তৈরি একটি ৭.৬৫ বোরের এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি রেখে যায়। পরে সেগুলো পুলিশ উদ্ধার করে।”

চার দিনের অভিযানে একটি একনলা বন্দুক, শটগানের ১২ রাউন্ড শিসা কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মাসুদ আলম।

যেভাবে শুরু অভিযান

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রায়হান ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান শুরু করে।

পরদিন সকালে সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল এলাকার কোদালিয়া টিলা নামে একটি পাহাড়ে টিনের ঘরে রায়হানের অবস্থানের তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা মাসুদ আলমের দাবি, অভিযানের খবর পেয়ে রায়হান পালিয়ে যান। পরে ওই ঘর থেকে দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রায়হানের সহযোগীরা ওই ঘরে অবস্থান করে অস্ত্র তৈরির কাজ করতেন বলে দাবি পুলিশের।

এসপি মাসুদ আলম বলেন, পুলিশের অভিযান এড়াতে ওই দিন সন্ধ্যায় রায়হান তার সহযোগীদের নিয়ে একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন।

এ সময় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা যানবাহন দুটির গতিরোধের চেষ্টা করেন। তখন রায়হান ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে শটগানের গুলিতে ছয়জন আহত হন।

এ সময় স্থানীয় লোকজন রায়হানের সহযোগীদের বহনকারী সিএনজি অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।

পিস্তল উদ্ধারের বর্ণনা

পুলিশ সুপার জানান, সুয়াবিল এলাকায় এজাহার মিয়া নামে এক ব্যক্তি রায়হানকে আশ্রয় দিতেন। তার মাধ্যমে রায়হান বেতুয়ারকুল বড় বিল এলাকায় মহররম আলীর বাড়িতে ওঠেন। মহররম এজাহার মিয়ার ঘনিষ্ঠ সহযোগী।

বুধবার পুলিশের কাছে খবর আসে, এজাহার মিয়াকে সঙ্গে নিয়ে রায়হান খাগড়াছড়ি থেকে গুলি সংগ্রহের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করে পুলিশ।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূজপুর থানার কাজীরহাট লাগোয়া কালাইয়ারটেক এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় শটগানের ১০ রাউন্ড কার্তুজসহ রায়হানের দুই সহযোগী এমরান ও সাইদুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তার শয়নকক্ষ থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বেতুয়ারকুল বড় বিল এলাকায় মহররম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মহররমকে গ্রেপ্তারের পাশাপাশি রায়হানের ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার মাসুদ আলম।

পুরনো খবর:

ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলি: পুলিশের সন্দেহ ‘অধরা’ রায়হানের দিকে
ফটিকছড়িতে গুলি: সম্পৃক্ততার কথা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের
‘আত্মসমর্পণ করব ভাই, আমার ইচ্ছা আছে আত্মসমর্পণ করার’: পুলিশের সঙ্গে ‘সন্ত্রাসী’ রায়হানের ফোনালাপ