২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

২ নতুন মুখ নিয়ে সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ

বাংলাদেশ দলকে নিয়ে প্রস্তুতির যথেষ্ট সময় না পেলেও, ‘কৌশলী ও গতিময়’ মারিয়াদের নিয়ে আশার জায়গা দেখছেন নতুন কোচ।

২ নতুন মুখ নিয়ে সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ

ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 06:32 PM

Updated : 26 Nov 2026, 06:32 PM

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ জনের দল দিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ এরিক মেয়ের। দলে নতুন মুখ ডিফেন্ডার আইরিন খাতুন (জুনিয়র) ও গোলকিপার হুমায়রা আক্তার হিমি।

নতুন ও অভিজ্ঞদের সাথে অবশ্য কোচ কাজ করার সুযোগ পেয়েছেন মাত্র সপ্তাহ তিনেক। তবে, এই অল্প সময়ের দেখায় ঋতুপর্ণা-মারিয়াদের টেকনিক্যাল জ্ঞানের গভীরতা, গতি মনে ধরেছে মেয়েরের।

আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নিজের ভাবনা, পরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরেন মেয়ের। আগের মতোই এই ফরাসি কোচ বললেন, দলের খোলনলচে পাল্টে দেওয়ার ভাবনা তার নেই।

তিনি কাজে লাগাতে চান দলের গতি, বলের ওপর নিয়ন্ত্রণ। এ প্রসঙ্গে তিনি আফ্রিকাতে কাজ করার অভিজ্ঞতার প্রসঙ্গও টানেন মেয়ের।

“আফ্রিকার মেয়েরা লম্বা এবং হয়তো শারীরিকভাবে বেশি শক্তিশালী, কিন্তু বাংলাদেশের মেয়েদের বলের কারিকুরি ও দক্ষতা শীর্ষ মানের। আর সে কারণেই কৌশলগত দিক থেকে আমরা আমাদের এই গুণগুলোকে কাজে লাগাচ্ছি। বাংলাদেশের মেয়েরা যথেষ্ট দ্রুতগতির এবং টেকনিক্যালি বলের ওপর তাদের দারুণ দক্ষতা আছে। যখন আপনার দলে এমন খেলোয়াড় থাকবে, তখন তাদের এই গুণগুলোকেই কাজে লাগাতে হবে।

পিটার জেমস বাটলারের অসুস্থতায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মেয়ের। বাটলারের ছকে থাকার কথা তিনি আগেও বলেন, এদিনও বললেন।

“দেখুন, যেমনটা আমি আগেও বলেছি, আমরা একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এখানে দুই সপ্তাহ ধরে আছি, মেয়েদের সঙ্গে অনুশীলন করছি। আমি সবকিছু বদলে ফেলতে যাচ্ছি না। এর মানে হলো, মেয়েদের সঙ্গে আমরা যেভাবে কাজ করছি, তা প্রায় আগের মতোই আছে এবং আমরা সেটাই ধরে রেখেছি। আমরা কীভাবে খেলব সেভাবে দলকে গুছিয়েছি, আর এটি পিটার (জেমস বাটলার) যা করছিলেন, প্রায় সেরকমই।

“খেলোয়াড়দের চিনতে ও বুঝতে আমার এই দুই সপ্তাহ সময় লেগেছে, আর আমি সবকিছু বদলে দেওয়ার জন্য আসিনি। সেটা ন্যায্যও হতো না। তাই গত দুই সপ্তাহে আমরা একসঙ্গে কাজ করে বিষয়টি এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। মাঠে আমি যা দেখছি, আমরা দলের সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি, যা খুব গুরুত্বপূর্ণ-মাঠের সেই পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট।”

দুই দলের সবশেষ দেখার স্মৃতি অবশ্য বাংলাদেশের জন্য দারুণ সুখকর। ২০২৩ সালে ঢাকায় হওয়া দুই প্রীতি ম্যাচে মারিয়া-তহুরারা জিতেছিলেন যথাক্রমে ৮-০ ও ৩-০ ব্যবধানে। এবার লড়াই সিঙ্গাপুরের মাঠে। মেয়ের তাই দলকে সতর্ক করে দিতেও ভোলেননি।

“সিঙ্গাপুর সম্পর্কে প্রচুর তথ্য সংগ্রহ করেছি। তাদের দলে বিভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড় রয়েছে-যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ড থেকে আসা খেলোয়াড় আছে। তাছাড়া তাদের নতুন কোচও এসেছেন। সুতরাং সিঙ্গাপুর বেশ শক্তিশালী একটি দল। এটা ভাববেন না যে ম্যাচটি সহজ হবে, এটি মোটেও সহজ ম্যাচ নয়।

“তবে, আমাদেরও মান আছে, আমার দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং আমরা তা নিয়ে কাজ করেছি। অবশ্যই ম্যাচ জেতার জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ভালো খেলার চেষ্টা করব। আমাদের নিজস্ব কৌশল আছে, আমরা তা নিয়ে কাজ করছি। মাঠে মেয়েদের খেলা দেখে আমি সত্যিই খুশি এবং আশা করি, সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচেও আমরা মাঠে একইরকম পারফরম্যান্স দেখাতে পারব।”

বাংলাদেশ দল: রুপনা চাকমা, মিলি আক্তার, হুমায়রা আক্তার হিমি, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, সৌরভি আক্তার আরফিন, আফঈদা খন্দকার, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, আইরিন খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, আনিকা রানিয়া সিদ্দিকী, মৌমিতা খাতুন, সুরভী আকন্দ প্রীতি, সাগরিকা, আইরিন খাতুন (জুনিয়র), স্বপ্না রানী, আলপি আক্তার ও সিনহা জাহান শিখা।