১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ বিরতিতে ভিনিসিউস-এন্দ্রিকদের ওপর ‘নজর রাখবে’ ব্রাজিল

সিঙ্গাপুরকে সাত গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে দলের পারফরম্যান্সে খুবই খুশি ব্রাজিলের সহকারী কোচ।

দীর্ঘ বিরতিতে ভিনিসিউস-এন্দ্রিকদের ওপর ‘নজর রাখবে’ ব্রাজিল

খেলোয়াড়দের পাশে বসে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দেখছেন ব্রাজিলের কোচিং স্টাফের সদস্যরা। ছবি: সিবিএফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 11:22 PM

Updated : 17 Nov 2026, 11:22 PM

বছরের শেষটা খুব ভালো হয়েছে ব্রাজিলের। সিঙ্গাপুরের বিপক্ষে বিশাল জয়ের ম্যাচে ভিনিসিউস-এন্দ্রিকদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ফ্রান্সেসকো মাউরি। ব্রাজিলের সহকারী কোচ জানিয়ে দিলেন, সামনের লম্বা বিরতিতে খেলোয়াড়দের ওপর নিবিড় দৃষ্টি রাখবেন তারা।

সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৭-০ গোলে উড়িয়ে দেয় রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ীরা।

গত বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায়ের পর বর্তমানে পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। সবশেষ দুটি আন্তর্জাতিক বিরতিতে বেশ কিছু তরুণ ও নতুন খেলোয়াড়কে দলে ডাকেন কোচ কার্লো আনচেলত্তি।

জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারা ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখায় সিঙ্গাপুরের বিপক্ষে আনচেলত্তি ডাগআউটে থাকতে পারেননি। তার পরিবর্তে দায়িত্ব সামলান মাউরি।

ম্যাচের পর তিনি বলেন, জাতীয় দল নিয়ে ‘খুবই স্পষ্ট ধারণা’ রয়েছে তাদের।

“আমি এটুকু বলতে পারি যে, বিশ্বকাপের পর আমরা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এই ম্যাচের পর আমরা খুবই খুশি। দল নিয়ে আমাদের খুব স্পষ্ট ধারণা আছে। আমরা অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড়কে দেখছি এবং আমাদের বিশ্বাস, এই প্রক্রিয়ায় তারা বড় ভূমিকা রাখতে পারবে। আমরা এমন একটি কৌশলগত ভারসাম্য খুঁজে পাওয়ার অনুভূতি নিয়ে মাঠ ছেড়েছি, যা আগে ছিল না।”

ম্যাচটিতে দুর্দান্ত পারফর্ম করেন ভিনিসিউস জুনিয়র, তিনটি গোল করেন তিনি। তাদের অন্য তিন গোলদাতা এন্দ্রিক, এস্তেভোঁ ও হায়ান। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী।

চলতি বছরে এটি ছিল ব্রাজিলের শেষ ম্যাচ। ২০২৭ সালের মার্চের আগে দলটির আর কোনো ম্যাচ নেই। এই দীর্ঘ বিরতিতে কোচিং স্টাফরা খেলোয়াড়দের ওপর নজর রাখার কাজ চালিয়ে যাবেন।

“মার্চ পর্যন্ত আমাদের হাতে অনেক সময় আছে। আমরা সব খেলোয়াড়ের ওপর নজর রাখব, আমাদের লম্বা তালিকা রয়েছে এবং প্রচুর ম্যাচ দেখতে হবে। আমার স্ত্রী হয়তো এত বেশি ম্যাচ দেখার বিষয়টি খুব একটা পছন্দ করবে না (হাসি), তবে এটি আমাদের কাজেরই অংশ। যেমনটা প্রধান কোচ (আনচেলত্তি) বলেছেন, আমাদের জন্যও এই পুরো বিষয়টি নতুন।”