২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুরুত্বপূর্ণ ও কঠিন সময়ে’ ভিনিসিউসের দিকে তাকিয়ে মরিনিয়ো

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যে সামনের দিনগুলোতে বড় ভূমিকা পালন করবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই রেয়াল মাদ্রিদ কোচের।

‘গুরুত্বপূর্ণ ও কঠিন সময়ে’ ভিনিসিউসের দিকে তাকিয়ে মরিনিয়ো

ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 05:30 PM

Updated : 20 Nov 2026, 05:30 PM

ব্রাজিলের হয়ে সবশেষ দুই ম‍্যাচে পাঁচ গোল করা ভিনিসিউস জুনিয়র যে রেয়াল মাদ্রিদের হয়েও স্বরূপে ফিরবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই জুজে মরিনিয়োর। রেয়াল কোচের বিশ্বাস, সামনের গুরুত্বপূর্ণ ও কঠিন সময়ে সান্তিয়াগো বের্নাবেউয়ে বড় ভূমিকা রাখবেন এই তারকা ফরোয়ার্ড।

এবারের আন্তর্জাতিক বিরতিতে জাপানের বিপক্ষে জোড়া গোল করেন ভিনিসিউস। সিঙ্গাপুরের বিপক্ষে করেন হ‍্যাটট্রিক, ব্রাজিলের হয়ে যা তার প্রথম।

লা লিগায় বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় সেল্তা ভিগোর বিপক্ষে খেলবে রেয়াল। এর আগের দিন মরিনিয়োর সংবাদ সম্মেলনের অনেকটা অংশ জুড়ে প্রশ্ন থাকল ভিনিসিউসকে নিয়ে।

“মৌসুমের শুরুর সময়টা শেষ হয়েছে, এখন শীতকাল চলে এসেছে। সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও খুব কঠিন একটি সময়, সে এই সময়ের জন‍্য প্রস্তুতি নিচ্ছে। সামনে তিনটি প্রতিযোগিতা আসছে, এরপর সুপার কাপও আসে... এত কিছু এক সঙ্গে সামলানো বেশ চাপ হবে। এই সময়ে আমরা ছন্দে থাকা ভিনিসিউসকে চাই। সেটাই আমাদের প্রত‍্যাশা।”

নিষেধাজ্ঞার জন‍্য লা লিগায় চার ম‍্যাচে খেলতে পারেননি ভিনিসিউস। এর আগে নিজের ছায়া হয়েছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১২ ম‍্যাচে করতে পারেন কেবল একটি গোল।

ভিনিসিউসের অনুপস্থিতিতে ভালো করেছেন ইয়ান ডিওমান্ডে। সেল্তার বিপক্ষে ব্রাজিলায়ান ফরোয়ার্ড শুরুর একাদশে থাকবেন নাকি বেঞ্চে থাকবেন, তা পরিষ্কার করেননি মরিনিয়ো।

“এটা কোনো বিষয় না। শুরুর একাদশে থাকা, বেঞ্চ কিংবা গ্যালারিতে বসা- এসব কোনো ব্যাপার নয়। অদ্ভুত ব‍্যাপার হলো, কয়েক সপ্তাহ আগেও সবাই তাকে নিয়ে এমনভাবে কথা বলছিল যেন সে-ই ক্লাবের সবচেয়ে বড় সমস্যা। আর এখন এই গোলগুলো করার পর, আমরা তাকে নিয়ে কথা বলা থামাতেই পারছি না। সে খেলবে কি খেলবে না, তা নিয়েই আলোচনা চলছে।

“আমার মনে হয় এটা বাড়াবাড়ি। কয়েক সপ্তাহ আগে যেমন বলেছিলাম, তাকে নিয়ে আমার ভাবনা এখনও ঠিক তেমনই আছে। সে অসাধারণ, আমরা তাকে ভালোবাসি এবং তাকে আমাদের প্রয়োজন। আমরা তাকে সাহায্য করে যাব।”

মৌসুমের শুরুটা যে ভিনিসিউসের ভালো হয়নি, তা মানছেন মরিনিয়ো। তবে পর্তুগিজ কোচ মনে করছেন, সেই ধাপ পেরিয়ে এখন নিজেকে মেলে ধরতে প্রস্তুত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

"এটা এখন অতীত... বিশ্বকাপের রেশ কেটে গেছে। গ্রীষ্ম থেকে শীতকাল এসেছে। দিনশেষে, সে ২৪ বা ২৫ বছর বয়সি একজন তরুণ, যে নিজেই নিজের পরিস্থিতি বিশ্লেষণ করেছে। হয়তো সে চুপ থাকতে পারত। কিন্তু আমি কখনও খোলামেলা কথা বলার সমালোচনা করতে পছন্দ করি না।

“তবে আমি যেমনটা বলেছি, এখন শীতকাল শুরু হচ্ছে, আসল লড়াই এখন থেকেই শুরু। আমরা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পৌঁছাতে যাচ্ছি, আর লা লিগায় প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ... আর ঠিক এই জায়গাতেই ভিনিসিউস আমাদের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারে এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ভূমিকা রাখতে পারে।”

১২ ম‍্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে আছে রেয়াল। ৩৩ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। ১৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে সেল্তা।