২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার রায় গাজার মামলায় কী প্রভাব ফেলবে?

“গণহত্যার উদ্দেশ্য প্রমাণে কী ধরনের সাক্ষ্যপ্রমাণ প্রয়োজন, সে মানদণ্ডটি আদালতের এই রায়ে আবারও স্পষ্ট হয়েছে।”

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার রায় গাজার মামলায় কী প্রভাব ফেলবে?

আইসিজের রায় ঘোষণায় বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের উল্লাস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 09:31 PM

Updated : 20 Nov 2026, 09:31 PM

মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছে, তার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েনের।

এক বিশ্লেষণে তিনি বলেছেন, “জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই রায় দীর্ঘদিন প্রতীক্ষারত রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রাপ্তির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

আর এর মধ্য দিয়ে জাতিসংঘের ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত প্রথম রাষ্ট্র হিসেবে ইতিহাসে মিয়ানমারের নাম যুক্ত হল।

২০১৭ সালে মিয়ানমারের সেনা-পুলিশসহ নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনপদে হামলা চালালে অন্তত ১০ হাজার মানুষ নিহত হন।

ওই সময় নিরাপত্তাবাহিনীর চরম নিপীড়ন, খুন-ধর্ষণ আর জ্বালাও-পোড়াওয়ের মধ্যে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন ১০ লাখের বেশি রোহিঙ্গা।

জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় সরাসরি দেখার জন্য বৃহস্পতিবার কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বিভিন্ন স্থানে বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন রোহিঙ্গারা।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া যখন রায় ঘোষণা করেন, তখন তা গভীর আগ্রহ নিয়ে দেখছিলেন তারা।

আইসিজেতে ২০১৯ সালে মামলাটি দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া, যাতে সমর্থন ছিল ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

মামলা দায়েরের পর থেকে যেসব প্রমাণ উপস্থাপন করা হয়েছে, তার কয়েকটি তুলে ধরেন বিচারপতি ইওয়াসাওয়া।

মামলার রায়ে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন এবং আস্ত গ্রাম পুড়িয়ে ধ্বংসের মতো ঘটনার বিবরণ তুলে ধরা হয়। অনেক স্থানে বাড়িঘরের ভেতরে রেখেই পুড়িয়ে হত্যা করা হয়েছিল রোহিঙ্গাদের।

জেরেমি বোয়েন লিখেছেন, আইসিজেতে ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় দেওয়া এই রায় বর্তমানে আদালতটিতে বিচারাধীন অন্য গণহত্যার মামলাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

বিশেষ করে গণহত্যার উদ্দেশ্য প্রমাণে কী ধরনের সাক্ষ্যপ্রমাণ প্রয়োজন, সে মানদণ্ডটি আদালতের এই রায়ে আবারও স্পষ্ট হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন থাকা আরেকটি গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে- ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার মামলা।

দক্ষিণ আফ্রিকার দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েল।

যদিও ইসরায়েল বারবারই এই অভিযোগ অস্বীকার করছে এবং একইসঙ্গে হামাস নিধনের নামে গাজায় অভিযান অব্যাহত রেখেছে তারা।

আইসিজের এই ঐতিহাসিক রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষমতার প্রয়োগ নিয়ন্ত্রণে যে আন্তর্জাতিক নিয়মকানুন তৈরি করা হয়েছিল, সেই আইনের প্রতি আস্থাশীল ব্যক্তিদের অবস্থান আরো শক্তিশালী করেছে বলে মনে করেন জেরেমি বোয়েন।

১৯৪৮ সালের গণহত্যা সনদ ছিল জাতিসংঘকে ঘিরে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর উদ্দেশ্য ছিল নাৎসি বাহিনীর ঘটানো লাগামহীন বর্বরতা, যুদ্ধ ও গণহত্যার পুনরাবৃত্তি ঠেকানো।

যদিও ১৯৪৫ সালের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নিয়ম ও সনদগুলো মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলে নজিরবিহীন চাপের মুখে পড়েছে।

চীনের শেনঝেনে এই তিন বিশ্বনেতার সম্মেলনের দিনই আইসিজের রায় মনে করিয়ে দিয়েছে, আন্তর্জাতিক আইন এখনো কার্যকর।

বোয়েন মনে করেন, এই রায়ই হয়ত দেখিয়ে দিতে পারে, বেসামরিক মানুষের বিরুদ্ধে শক্তি প্রয়োগের পরিণতি অবশ্যসম্ভাবী।

গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করাই ছিল বড় চ্যালেঞ্জ

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার রাষ্ট্রের গণহত্যার উদ্দেশ্য ছিল—গাম্বিয়া কীভাবে আদালতে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রমাণ করেছে, তা এখন গভীরভাবে পর্যালোচনা করবেন আইনজীবীরা।

আইসিজেতে যে কোনো গণহত্যার মামলায় উদ্দেশ্য প্রমাণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখানে কেবল নৃশংস হত্যাকাণ্ড ঘটার বিষয়টি প্রমাণ করলেই যথেষ্ট হয় না।

ইউরোপীয় ইহুদিদের ওপর নাৎসি হলোকস্টের পর জাতিসংঘ যে গণহত্যা সনদ গ্রহণ করেছিল, তাতে অপরাধটির মূল সংজ্ঞায় বলা হয়েছে–

‘জাতীয় নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নির্মূল করার উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ড।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সনদ প্রণয়নে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন হলোকস্ট থেকে বেঁচে যাওয়া ইহুদি আইনজ্ঞ রাফায়েল লেমকিন।

গণহত্যার অভিযোগ প্রমাণের জন্য ইচ্ছাকৃতভাবেই কঠোর মানদণ্ড নির্ধারণ করেছিলেন তারা।

আর সে কারণেই আইসিজের পক্ষ থেকে রোহিঙ্গা গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়ে রায় দিতে দীর্ঘ সময় লেগেছে।

বোয়েন লিখেছেন, ভালো হত যদি আইনজীবী ও তদন্তকারীরা সরকারি নথিপত্র ও সামরিক নির্দেশনা থেকে সরাসরি প্রমাণ সংগ্রহ করতে পারতেন, কিন্তু তা ছিল কঠিন।

“আর বাস্তবে এমন প্রমাণ পাওয়া প্রায় অসম্ভব, কারণ, যেসব সরকারের গণহত্যার উদ্দেশ্য থাকে, তারা তো সেটা বলে বেড়ায় না।”

তাই আন্তর্জাতিক বিচার আদালত রাখাইনের রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও তাদের দোসর সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বিশ্লেষণ করে গণহত্যার উদ্দেশ্যসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাৎনিক স্কুল অব গভর্নমেন্টের গ্লোবাল সিকিউরিটি বিভাগের চেয়ার অধ্যাপক জেনিনা ডিল বলেন, “কোনো ধারাবাহিক কর্মকাণ্ডের ধরন থেকে গণহত্যার উদ্দেশ্য যৌক্তিক অনুমান করা যেতে পারে। এর অর্থ এই নয় যে সংঘটিত নৃশংসতার একমাত্র উদ্দেশ্য গণহত্যাই হতে হবে।

“যদি তাই হত, তাহলে পাল্টা বিদ্রোহ দমন, শাস্তি দেওয়া কিংবা বাস্তুচ্যুত করার মতো অন্য উদ্দেশ্য দেখিয়েও গণহত্যার উদ্দেশ্য অস্বীকার করা সম্ভব হত।”

তিনি বলেন, “আদালত অত্যন্ত স্পষ্টভাবে বলেছে, এসব উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু তারা রায় দিয়েছে, গণহত্যার অন্যতম উদ্দেশ্য ছিল’—এটি বিবেচনায় না নিলে সামগ্রিক সাক্ষ্যপ্রমাণের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

“অর্থাৎ, কোনো রাষ্ট্র আক্রান্ত হলেও এবং আত্মরক্ষার দাবি তুলে নিজের বাহিনীকে আক্রমণাত্মক অভিযানে পাঠালেও তার সামগ্রিক কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পৌঁছাতে পারে।”

আইসিজের বিচারকরা স্পষ্ট করেছেন, প্রতিটি মামলাকে তার নিজস্ব তথ্য-প্রমাণ ও পরিস্থিতির ভিত্তিতে বিচার করতে হবে।

তবে যেহেতু, আদালতের রায় আন্তর্জাতিক আইনের ব্যাখ্যায় প্রভাব ফেলে। সে কারণে মিয়ানমার-সংক্রান্ত মামলাটি আইসিজেতে বিচারাধীন অন্য গণহত্যার মামলাগুলোর ওপরও প্রভাব ফেলবে বলে মনে করেন বোয়েন।

Image

আসিজের শুনানিতে মিয়ানমারের প্রতিনিধিরা। ছবি: মিয়ানমার নাও।

গাজা মামলায় পড়বে এই রায়ের প্রভাব

নেদারল্যান্ডসের হেগে আইসিজের আদালতকক্ষে উপস্থিত থেকে রায় শুনেছেন গাম্বিয়ার আইনজীবী দলের সদস্য ব্যারিস্টার ফিলিপ স্যান্ডস কেসি।

বিবিসির ‘ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে স্যান্ডস বলেন, “আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় গাজার বিষয়টি ছিল ‘ঘরের মধ্যে থাকা হাতি’—অর্থাৎ এমন একটি বিষয়, যা সবাই জানেন, কিন্তু সরাসরি আলোচনা করছেন না।”

ব্যারিস্টার ফিলিপ স্যান্ডস বলেন, “সবাই জানতেন, রোহিঙ্গা গণহত্যা মামলায় আদালতের রায় পরবর্তী মামলার ওপর প্রভাব ফেলবে।

“গাম্বিয়া যদি মামলায় হেরে যেত, তাহলে কার্যত গাজার মামলাটিও শেষ হয়ে যেত। কিন্তু গাম্বিয়া সফল হওয়ায় দক্ষিণ আফ্রিকার জন্য দরজা খোলা থাকছে।”

ব্রিটিশ এই আইনজীবী বলেন, “এর অর্থ এই নয় যে দক্ষিণ আফ্রিকা জিতবে। আবার এটিও নয় যে আইসিজে গাজায় গণহত্যা সংঘটিত হয়েছে বলে রায় দেবে।”

“আসল অর্থ হল, সাক্ষ্যপ্রমাণের মানদণ্ড এখন অত্যন্ত স্পষ্ট। পরবর্তী মামলায় রায় পেতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেই মানদণ্ড পূরণ করতে হবে।”

রোহিঙ্গাদের জীবনে এখনই বদল আসছে না

আইসিজের রায়ে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মধ্যে আনন্দ ও স্বস্তি তৈরি হলেও তাদের জীবনে এখনই বদল আসছে না।

কারণ, রায় বাস্তবায়ন করানোর মতো কোনো ব্যবস্থা নেই আইসিজের হাতে। মিয়ানমার সরকারও আদালতের এই রায় নীরবে মেনে নেবে না।

বোয়েন লিখেছেন, “যদিও মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে জাতিসংঘ আদালত, সেটাও সহজ নয়; কারণ, শত শত গ্রাম পুড়িয়ে ধূলিসাৎ করা হয়েছে। কী হবে সেই ক্ষতিপূরণ?”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার-সংক্রান্ত কূটনৈতিক তৎপরতার দায়িত্বে রয়েছে যুক্তরাজ্য, যাকে বলা হয় ‘পেন হোল্ডার’।

রায়ের পর এক বিবৃতিতে যুক্তরাজ্য বলেছে, “এই ভয়াবহ অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে আমরা পদক্ষেপ নিতে দৃঢ়প্রতিজ্ঞ। আদালতের এই রায়ে বার্তা স্পষ্ট- এ ধরনের অপরাধ করে দায়মুক্তি পাওয়া যাবে না, আর তা আমাদের নিশ্চিত করতে হবে।”

বিষয়টি নিয়ে যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডেকেছে। পাশাপাশি লন্ডনে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য।

তবে নিরাপত্তা পরিষদের খুব বেশি কিছু করা সম্ভব নাও হতে পারে। কারণ, মিয়ানমারের বিরুদ্ধে কঠোর কোনো প্রস্তাব উত্থাপন করা হলে চীন অথবা রাশিয়া কিংবা উভয় দেশই তাতে ভিটো দিতে পারে।

যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও বিতর্ক

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার মামলায় যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে রয়েছে বিতর্ক।

কোনো বিচারের অপেক্ষা না করেই ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ঘোষণা করেছিল, রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী।

তবে বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের অবস্থান উল্টো। ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে তার প্রশাসন, আর তা রায় ঘোষণার আগেই।

জাতিসংঘে বর্তমান মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ গত মাসে সতর্ক করে বলেন, “গণহত্যা প্রমাণের আইনি মানদণ্ড যেন শিথিল করা না হয়।”

তার দাবি, ‘মার্কিন ও মিত্রদেশগুলোর সেনাদের’ সুরক্ষার জন্য তিনি এ কথা বলছেন।

তবে তার বক্তব্যকে আইসিজেতে ইসরায়েলের প্রতি সমর্থন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

বোয়েন লিখেছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যতই হুমকি কিংবা চাপ আসুক না কেন, একটি বিষয় স্পষ্ট— রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার এই ঘটনা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড, তা নিয়ে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার মামলা এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ফিলিস্তিনিদের দুর্দশার প্রতি আবারও আন্তর্জাতিক মনোযোগ ফিরিয়ে আনবে।