রোহিঙ্গা গণহত্যা মামলা: আইসিজের রায়ে কী হতে পারে
গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের কী দায় তৈরি হবে, আর রায় কার্যকরের ক্ষেত্রে আদালতের ক্ষমতাই বা কতটুকু?
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় বৃহস্পতিবার দেবে নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
আল জাজিরা লিখেছে, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এই মামলার রায়কে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে ২০১৯ সালে মামলাটি দায়ের করার সাত বছর পর এই রায় আসছে।
আর মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসার ঘটনার পর পেরিয়ে গেছে নয় বছরের বেশি সময়।
আইসিজের এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।
গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের কী দায় তৈরি হবে, আর রায় কার্যকরের ক্ষেত্রে আদালতের ক্ষমতাই বা কতটুকু? বিষয়গুলো বিশ্লেষণ করেছে আল জাজিরা।
কারা এই রোহিঙ্গা?
রোহিঙ্গারা মূলত মুসলিম জনগোষ্ঠীর একটি জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে কয়েক শতাব্দী ধরে তাদের বসবাস।
জেনারেল নে উইনের সামরিক শাসন (১৯৬২-১৯৮৮) থেকে শুরু করে অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক প্রশাসন (২০১৬-২০২১)—মিয়ানমারের পরপর বিভিন্ন সরকার রোহিঙ্গাদের ‘বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী’ হিসেবে বিবেচনা করেছে।
১৯৮২ সালের নাগরিকত্ব আইনেও অধিকাংশ রোহিঙ্গাকে নাগরিকত্বের বাইরে রাখা হয়। ফলে তারা রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়।
রোহিঙ্গারা বিভিন্ন সময়ে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হলেও ২০১৭ সালের অগাস্টে পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটে।
ওই সময় বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশের কয়েকটি তল্লাশিচৌকিতে হামলা চালায়। এর জবাবে মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইনে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযান শুরু করে।
অভিযান থেকে বেঁচে আসা রোহিঙ্গারা গণহত্যা, ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার বর্ণনা দেন। কয়েক মাসের মধ্যে সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। দেশটির অভিযোগ, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
মামলা দায়েরের সময় মিয়ানমারে ক্ষমতায় ছিল অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকার। তবে দেশটির নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর হাতে। ২০১৭ সালের অভিযানের সময় সেনাপ্রধান ছিলেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।
২০২১ সালে তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তার নেতৃত্বাধীন সামরিক সরকারই পরে আইসিজেতে মিয়ানমারের পক্ষে মামলাটি মোকাবিলা করে।
মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলছে, সশস্ত্র হামলার জবাব দিতেই সেনাবাহিনী অভিযান চালিয়েছিল।
ফৌজদারি বিচারের মত আইসিজে কোনো ব্যক্তির অপরাধের বিচার করে না। এই আদালত নির্ধারণ করবে, রাষ্ট্র হিসেবে মিয়ানমার গণহত্যার জন্য দায়ী কি না এবং দায়ী হলে ক্ষতিপূরণ বা প্রতিকার হিসেবে দেশটিকে কী করতে হবে।
বর্তমানে মিয়ানমারে প্রায় পাঁচ লাখ ২০ হাজার রোহিঙ্গা রয়ে গেছে। তাদের অনেকেই কঠোর বিধিনিষেধের মধ্যে বসবাস করছেন। অন্যদিকে বাংলাদেশে শরণার্থী হিসেবে রয়েছেন প্রায় ১২ লাখ রোহিঙ্গা।
এখন কোথায় রোহিঙ্গারা?
বাস্তুহারা রোহিঙ্গারা এখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন। তাদের অধিকাংশই এখনও নিজেদের বাড়িঘরে ফিরতে পারেননি।
শরণার্থী শিবিরে
২০১৭ সালের সেই রোহিঙ্গা ঢলের প্রায় নয় বছর পরও এ জনগোষ্ঠীর প্রায় ১২ লাখ মানুষ বাংলাদেশে অবস্থান করছেন। কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোতে তাদের অধিকাংশের বসবাস।
ক্যাম্পের জীবনে শরণার্থীদের চলাচল নিয়ন্ত্রিত এবং আনুষ্ঠানিকভাবে কাজ করার সুযোগ সীমিত। ফলে এসব পরিবারের বড় অংশই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। বছরের পর বছর সেই সহায়তাও কমে এসেছে।
বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চায়। আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার এ বিষয়ে চুক্তি করলেও একজন রোহিঙ্গাও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ফিরে যাননি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, রোহিঙ্গাদের নিরাপত্তাহীনতা বাড়ছে এবং দীর্ঘমেয়াদি সমাধানের সুযোগ কমে আসছে। জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির বৈদেশিক সহায়তার বড় একটি অংশ স্থগিত বা কমিয়ে দেয়। এতে বাংলাদেশে পরিচালিত বিভিন্ন সহায়তা কর্মসূচিও ব্যাহত হয়।
এ ছাড়া বিভিন্ন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য দেশও বৈদেশিক সহায়তার বরাদ্দ কমিয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক গবেষণায় দেখা গেছে, সহায়তা কমে যাওয়ায় শরণার্থীদের নিবন্ধন, আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও শিশু সুরক্ষার মত কার্যক্রম দুর্বল হয়েছে। এতে মানবপাচার, জোরপূর্বক শ্রম ও বাল্যবিয়ের ঝুঁকিতে পড়ছে শরণার্থীরা।
মিয়ানমারে
২০১৭ সালের অভিযানের পর থেকে মিয়ানমারে থাকা প্রায় পাঁচ লাখ ২০ হাজার রোহিঙ্গার পরিস্থিতি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আরও খারাপ হয়েছে।
রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এখন রাজ্যটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের জমি দখল, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে জোর করে রোহিঙ্গা পুরুষদের নিয়োগ দিচ্ছে।
২০২৪ সালের অগাস্টে মংডুতে সংঘাত থেকে পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আসার সময় ড্রোন ও কামানের গোলার আঘাতে কয়েকশ রোহিঙ্গা নিহত হন বলে খবর পাওয়া যায়।
আঞ্চলিক সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ বিশ্লেষক সু মন বলেন, “এই পরিস্থিতি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সব সম্ভাবনা নষ্ট করছে। রাখাইন রাজ্যের সব সম্প্রদায়ই তীব্র খাদ্যনিরাপত্তাহীনতা, সহায়তার অভাব, অর্থনৈতিক বিপর্যয় এবং অবিরাম সংঘাতের মুখে রয়েছে।”
সমুদ্রপথে নিখোঁজ ও মৃত্যু
নিজ দেশে ফেরা কিংবা শরণার্থী শিবিরে ভবিষ্যৎ নিয়ে আশার আলো না দেখে প্রতিবছর হাজার হাজার রোহিঙ্গা নৌকায় করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করছে।
ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী, ২০২২ সাল থেকে সমুদ্রে তিন হাজার ১৩৫ জন রোহিঙ্গা মারা গেছে অথবা নিখোঁজ হয়েছে। ২০২৫ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর। ওই বছর সমুদ্রপথে প্রাণ হারায় ৯০০ জন।
গাম্বিয়ার অভিযোগ কী, মিয়ানমারের জবাব কী?
পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছোট্ট দেশ গাম্বিয়ার সঙ্গে মিয়ানমারের সহিংসতার সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে ৫৭ সদস্যের ওআইসির সক্রিয় সদস্য হিসেবে সংস্থাটির পক্ষে মামলাটি করেছে দেশটি।
কোনো কোনো পর্যবেক্ষক গাম্বিয়ার এই অবস্থানের সঙ্গে দেশটির নিজস্ব ইতিহাসেরও যোগসূত্র দেখেন। রোহিঙ্গা সংকট যখন আন্তর্জাতিক আলোচনায় আসে, তখন গাম্বিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহর ২২ বছরের শাসনামলে সংঘটিত হত্যা ও অপহরণের ঘটনাগুলোর তদন্ত চলছিল। ২০১৭ সালে তার শাসনের অবসান ঘটে।
মামলায় গাম্বিয়ার অভিযোগের মূল বিষয়গুলো হচ্ছে—
সামরিক অভিযান ও সহিংসতা
গাম্বিয়ার অভিযোগ, উত্তর রাখাইনে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের হত্যা করেছে, তাদের শারীরিক ও মানসিক ক্ষতি করেছে এবং জনগোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে তাদের অস্তিত্ব বিপন্ন হয়। পাশাপাশি রোহিঙ্গাদের মধ্যে সন্তান জন্মদান ঠেকানোর ব্যবস্থাও নেওয়া হয়েছে।
গাম্বিয়া আরও বলেছে, এই অভিযানের গুরুত্বপূর্ণ অংশ ছিল ব্যাপক যৌন সহিংসতা।
অন্যদিকে, মিয়ানমারের দাবি, তাদের অভিযান ছিল আরসার যোদ্ধা ও তাদের সমর্থকদের লক্ষ্য করে পরিচালিত। গাম্বিয়া আরসার হামলার হুমকিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করে দেশটি।
গণহত্যার উদ্দেশ্য
মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, মিয়ানমার রোহিঙ্গাদের একটি জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে কাজ করেছিল কি না। গণহত্যার অভিযোগ প্রমাণের জন্য এ ধরনের উদ্দেশ্য প্রতিষ্ঠা করা জরুরি।
গাম্বিয়া বলছে, হামলার ভয়াবহতা, বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে সরকারি কর্তৃপক্ষের নীরবতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত না করার বিষয়গুলো থেকেই গণহত্যার উদ্দেশ্য স্পষ্ট হয়।
তবে মিয়ানমারের দাবি, এ ধরনের উদ্দেশ্যের কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। গাম্বিয়া তাদের অভিযোগ প্রমাণেও ‘ব্যর্থ’ হয়েছে।
প্রতিকার ও ক্ষতিপূরণ
মিয়ানমারকে দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশ চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে গাম্বিয়া। পাশাপাশি রোহিঙ্গারা যাতে নিরাপদে নিজ দেশে ফিরতে পারে, সেই ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে দেশটি।
এ ছাড়া রোহিঙ্গাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া, নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দেওয়ার অধিকারের স্বীকৃতি এবং যেসব সম্পত্তি ফেরত দেওয়া সম্ভব হবে না, সেসবের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি রয়েছে।
তবে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের পক্ষে ক্ষতিপূরণ চাওয়ার অধিকার গাম্বিয়ার রয়েছে কি না, তা নিয়ে আপত্তি জানিয়েছে মিয়ানমার।
গণহত্যার দায় প্রমাণিত হলে কী হবে?
আইসিজের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। রায় মেনে চলতে মিয়ানমার আইনগতভাবে বাধ্য। তবে আদালতের নিজস্ব কোনো ব্যবস্থা নেই, যার মাধ্যমে রায় কার্যকর করতে মিয়ানমারকে বাধ্য করা যায়।
মিয়ানমার রায় উপেক্ষা করলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাতে পারে।
তবে নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত আইসিজের রায় কার্যকরে এই ক্ষমতা প্রয়োগ করেনি। এ ছাড়া পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের যে কোনো একটি দেশ ভিটো দিয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আটকে দিতে পারে। এর আগে চীন ও রাশিয়া নিরাপত্তা পরিষদে মিয়ানমারকে সুরক্ষা দিয়েছে।
অন্যান্য দেশ ও জাতিসংঘের সাধারণ পরিষদও রায় মেনে চলতে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।
গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন সিদ্ধান্তে নাও পৌঁছাতে পারে আদালত। ২০০৭ সালে বসনিয়া গণহত্যা মামলায় আইসিজে রায় দিয়েছিল, সার্বিয়া সরাসরি গণহত্যা করেনি। তবে স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় দেশটির রয়েছে।
গণহত্যার অভিযোগে আইসিজের রায় কতটা বিরল?
কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করার ঘটনা আইসিজেতে খুবই বিরল। এর প্রধান কারণ, একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য প্রমাণ করা অত্যন্ত কঠিন।
২০০৭ সালে বসনিয়া গণহত্যা মামলায় আইসিজে রায় দেয়, বসনিয়ায় সরাসরি গণহত্যা সংঘটনের জন্য সার্বিয়া দায়ী নয়। তবে ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় আট হাজারের বেশি বসনীয় মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনা ঠেকাতে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে দায়ী করে আদালত।
মিয়ানমারের মামলায় বিচারকরা গণহত্যা প্রমাণের এই কঠোর আইনি মানদণ্ড কীভাবে প্রয়োগ করেন, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ দাবি করে দক্ষিণ আফ্রিকার করা মামলার ক্ষেত্রে এর প্রভাব কী হতে পারে, সেদিকেও নজর থাকবে।
বর্তমানে গণহত্যার অভিযোগে আইসিজেতে আরও চারটি মামলা বিচারাধীন।
১. ইউক্রেন বনাম রাশিয়া: ২০২২ সালের ফেব্রুয়ারিতে দায়ের করা হয়েছে। মামলাটি বিচারাধীন।
২. দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েল: গাজায় ইসরায়েলের যুদ্ধের ঘটনায় ২০২৩ সালের ডিসেম্বরে দায়ের করা হয়েছে। মামলাটি বিচারাধীন।
৩. নিকারাগুয়া বনাম জার্মানি: ইসরায়েলের প্রতি জার্মানির সমর্থনের অভিযোগে ২০২৪ সালের মার্চে দায়ের করা হয়েছে। মামলার এখতিয়ার নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা চলছে।
৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বনাম রুয়ান্ডা: ২০২৬ সালের জুনে দায়ের করা হয়েছে। মামলাটি বিচারাধীন।
