২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকারদের নিশানায় ফ্রিজ-ফ্রিজার, ইউরোপে হামলার পর সমাধান বের করল যুক্তরাজ্য

কম্পিউটার বা মোবাইল নয়, এবার হ্যাক হচ্ছে সুপারশপ ও গুদামের ফ্রিজ-ফ্রিজারও। ইউরোপের একাধিক দেশে এমন সাইবার হামলায় প্রচুর খাবার নষ্ট ও অগ্নিকাণ্ডের পর অবশেষে এর সমাধান বের করেছে যুক্তরাজ্য।

হ্যাকারদের নিশানায় ফ্রিজ-ফ্রিজার, ইউরোপে হামলার পর সমাধান বের করল যুক্তরাজ্য

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 09:30 PM

Updated : 20 Nov 2026, 09:30 PM

সুপারশপ, গুদাম কিংবা রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক ফ্রিজ ও ফ্রিজারের অপারেটিং সিস্টেমে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি সারিয়ে তুলেছে যুক্তরাজ্যের একটি সাইবার নিরাপত্তা সংস্থা।

সম্প্রতি কয়েক সপ্তাহে ইউরোপের বেশ কয়েকটি দেশে ফ্রিজ হ্যাক করে বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছিল। যুক্তরাজ্যের এই সমাধানের ফলে এখন এসব ফ্রিজ ও ফ্রিজার হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকবে।

চলতি নভেম্বর মাসের শুরুতে সুইডেন থেকে বেলজিয়াম পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক সাইবার হামলায় অসংখ্য বাণিজ্যিক ফ্রিজ ও ফ্রিজার অচল হয়ে পড়ে।

এর আগে গত অক্টোবরে ফ্রান্সেও ঠিক একই ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল। সে সময় ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় দোকান ও সুপারশপগুলো কয়েক লাখ ইউরো সমমূল্যের বিপুল পরিমাণ খাবার ফেলে দিতে বাধ্য হয়।

বিবিসি জানিয়েছে, শুরুতে ধারণা করা হয়েছিল, যুক্তরাজ্যের হিমাগার শিল্পে ভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করায় দেশটি হয়ত এই সাইবার হামলা থেকে বেঁচে গেছে। তবে ব্রিটিশ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা পরবর্তীতে সিস্টেমে এমন এক দুর্বলতা খুঁজে পান—যার সুযোগ নিয়ে হ্যাকাররা যে কোনও সময় যুক্তরাজ্যেও হামলা চালাতে পারত।

তবে এই সমস্যার সমাধান বের করা হয়েছে এবং তা ইতিমধ্যে চালুও হয়ে গেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ইউরোপে সাইবার হামলার পর জার্মানির তথ্য নিরাপত্তা দপ্তর সতর্ক করে জানিয়েছে যে, ডেনমার্কের প্রতিষ্ঠান ‘ড্যানফস’ এর তৈরি শিল্প-কারখানার বেশ কিছু বড় শীতলীকরণ যন্ত্রে এখনও নিরাপত্তা ত্রুটি রয়ে গেছে।

ওদিকে, গত অক্টোবরে ফ্রান্সে চালানো সাইবার হামলার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে দায়ী করেছে ফরাসি গোয়েন্দা ও সাইবার সংস্থাগুলো। ওই হামলায় দেশটির ৭০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছিল।

সে সময় হ্যাকাররা ফ্রিজিং সিস্টেম বা হিমাগার ব্যবস্থার তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় ১৫টি জায়গায় আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটে।

বিবিসি জানিয়েছে, ব্রিটিশ হিমাগার ব্যবস্থায় নিরাপত্তা ত্রুটি প্রথম শনাক্ত করেন ‘ওমেগা সিস্টেমস’ নামের একটি প্রতিষ্ঠানের পরামর্শকরা।

তবে এর স্থায়ী সমাধান তৈরি হওয়ার আগ পর্যন্ত সতর্কতা হিসেবে সুপারশপগুলো উন্মুক্ত ইন্টারনেট থেকে তাদের ফ্রিজগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে রাখে এবং যন্ত্রগুলো নিরাপদ রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) সাধারণত যেসব প্রতিষ্ঠানে নিরাপত্তা ত্রুটি থাকতে পারে বলে মনে করে, সেগুলোকে আগেভাগেই সতর্কবার্তা ও আগাম নোটিশ পাঠানোর জন্য পরিচিত।

তবে বিবিসি-র এই প্রতিবেদনের বিষয়ে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।