রামুতে ট্রেনের ধাক্কায় নিহত ৪: পরিবার নিয়ে যাচ্ছিলেন আত্মীয়ের বাড়িতে
ঢাকা থেকে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন; যাদের মধ্যে দুইজন শিশু। তারা একই পরিবারের সদস্য। এতে আহত হয়েছেন আরও তিনজন; যাদের মধ্যে শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি এ কে ফজলুল হক।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (২৭), তার বোন কাশিফা জান্নাত (২০), রুবেলের ছয় মাসের মেয়ে মাশরুফা এবং কাশিফার দুই বছরের ছেলে সাহিল।
আহতরা হলেন- রুবেলের স্ত্রী তানিয়া (২০), কাশিফার স্বামী সাকিল এবং কাশিফার ১১ মাস বয়সি মেয়ে আয়াত। তাদের মধ্যে তানিয়াকে কক্সবাজার সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আয়াতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। অটোরিকশা চালক জয়নাল আবেদীনও চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের স্বজন মো. ফারুখ বলেন, পরিবারের সদস্যরা জুমার নামাজের পর উপজেলার উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে রেলক্রসিং পার হওয়ার সময় তাদের বহনকারী অটোরিকশাটিকে একটি ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
হতাহতদের আরেক স্বজন মনোয়ারা বেগমও একই তথ্য জানিয়েছেন।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
রেলওয়ে পুলিশের কক্সবাজার আইকনিক থানার ওসি মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
