০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

যশোরে ট্রেনের ধাক্কায় কভার্ড ভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত

বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় কভার্ড ভ্যানটির চালকের কেবিনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 04:29 PM

Updated : 04 Nov 2026, 04:29 PM

যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি কভার্ড ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এতে গাড়ি চালক নিহত হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গাজীরদরগা এলাকায় জয়কৃষ্ণপুর গ্রামের একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন মিয়া।

নিহত আতিয়ার রহমান (৬০) উপজেলার কাটাখাল গ্রামের বাসিন্দা।

লিটন মিয়া বলেন, জয়কৃষ্ণপুরে আফিল ফিড কারখানা থেকে পোলট্রি ফিড নিয়ে একটি কভার্ড ভ্যান গন্তব্যে যাচ্ছিল। পথে যশোর-বেনাপোল সড়কে ওঠার জন্য গাড়িটি রেললাইন অতিক্রম করছিল।

এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় কভার্ড ভ্যানটির চালকের কেবিনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান তিনি।

স্থানীয় লোকজন চালক আতিয়ারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

লিটন মিয়া বলেন, দুর্ঘটনায় ট্রেনটির কোনো ক্ষতি হয়নি। ট্রেনটি স্বাভাবিক গতিতে গন্তব্যে চলে যায়। এ ছাড়া রেল চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।

খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয় বলে জানান রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তা।