২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউসের কাছে মেসি-রোনালদোর মতো ধারাবাহিকতা প্রত্যাশা করেন না কোর্তোয়া

রেয়াল মাদ্রিদ গোলরক্ষক মনে করেন, স্বাধীনভাবে খেলে ফুটবল উপভোগ করতে পারলেই ভিনিসিউসের সেরাটা বেরিয়ে আসবে।

ভিনিসিউসের কাছে মেসি-রোনালদোর মতো ধারাবাহিকতা প্রত্যাশা করেন না কোর্তোয়া

ভিনিসিউস জুনিয়র (বাঁয়ে) ও তিবো কোর্তোয়া। ছবি: রেয়াল মাদ্রিদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 04:17 PM

Updated : 24 Nov 2026, 04:17 PM

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ধারাবাহিকভাবে সর্বোচ্চ মানের পারফরম্যান্স করা সহজ নয়। ভিনিসিউস জুনিয়রের কাছেও তাই প্রতি ম্যাচে সেরাটা প্রত্যাশা করেন না তিবো কোর্তোয়া। রেয়াল মাদ্রিদ গোলরক্ষক মনে করেন, স্বাধীনভাবে খেলে ফুটবল উপভোগ করতে পারলেই তার এই সতীর্থের সেরাটা বেরিয়ে আসবে।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার পিএসভি আইন্দহোভেনের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন রেয়ালের তারকা গোলরক্ষক কোর্তোয়া। সেখানেই ভিনিসিউসের ছন্দ নিয়ে কথা বলেন বেলজিয়ামের এই ফুটবলার।

আন্তর্জাতিক বিরতির আগে নিজের ছায়া হয়ে ছিলেন ভিনিসিউস। তবে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে নিজেকে মেলে ধরেন তিনি। দুই ম্যাচে পাঁচ গোল করে আভাস দেন ছন্দে ফেরার।

জাপানের বিপক্ষে জোড়া গোল করেন ভিনিসিউস। যদিও ম্যাচটি ৩-২ গোলে হেরে যায় ব্রাজিল। পরের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হ্যাটট্রিক করেন তারকা উইঙ্গার ভিনিসিউস। ব্রাজিলের জার্সিতে এই প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান তিনি।

চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে গত শনিবার সেল্‌তা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে রেয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে ফেরেন ভিনিসিউস। ওই ম্যাচে যদিও গোল করতে পারেননি তিনি। তবে ৩৩ মিনিট মাঠে থেকে একটি অ্যাসিস্ট করেন এই ফুটবলার। তার ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন কার্লোস এস্পি। ম্যাচটি ২-১ ব্যবধানে জেতে রেয়াল।

ভিনিসিউসের ফর্ম নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। বাজে পারফরম্যান্সের কারণে নিজে দলের সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনার তেতো অভিজ্ঞতাও আছে তার। ভিনিসিউসকে নিয়ে কোর্তোয়ার ভাবনা অবশ্য ভিন্ন। এই ফরোয়ার্ডের কাছ থেকে প্রতি ম্যাচে সেরা পারফরম্যান্স পাওয়ার আশা করেন না তিনি।

“আমরা সবাই একে অন্যের খেয়াল রাখি। ভিনির সঙ্গে আলাদাভাবে আরও ঘনিষ্ঠ হওয়ার প্রয়োজন নেই। সে খুশি আছে, নিজের সমালোচনা নিজেই করতে পারে এবং জানে, তাকে পরিশ্রম করতে হবে। সব সময় পারফরম্যান্সে ১০ এর মধ্যে ৯ বা ১০ পাওয়া যায় না। কেবল মেসি কিংবা ক্রিশ্চিয়ানোই এটা করতে পেরেছে।

“বিষয়টি আসলে তার মানসিকতার ওপর নির্ভর করছে। আমি তাকে এখন আরও প্রাণবন্ত দেখছি। ওকে স্বাধীনভাবে খেলতে হবে, ফুটবল উপভোগ করতে হবে। যখন সে তা পারে, তখনই তার সেরাটা বেরিয়ে আসে। আমরা যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, তাহলে আমাদের সেরা ভিনিকে প্রয়োজন।”

লা লিগায় বার্সেলোনার থেকে তিন পয়েন্ট কম নিয়ে টেবিলে দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ। আর চ্যাম্পিয়ন্স লিগেও দুই নম্বরে তারা। চার ম্যাচে শতভাগ জয় পেলেও গোল ব্যবধানে পিএসজির চেয়ে পিছিয়ে দলটি।