২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে শরীয়তপুরে পচছে পেঁয়াজ-রসুন, ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত

“নতুন করে চাষ করার মতো টাকাও আর হাতে নেই।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 04:14 PM

Updated : 24 Nov 2026, 04:14 PM

নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে শরীয়তপুরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিপাকে পড়েছেন পেঁয়াজ ও রসুন চাষিরা। মাঠে পানি জমে থাকায় সদ্য রোপণ করা বীজ ও চারা পচে নষ্ট হয়ে যাচ্ছে।

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপ-পরিচালকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় পেঁয়াজ, রসুন, ধনিয়া, মরিচ, কালোজিরা, সরিষা ও শাকসবজিসহ মোট ৩৯ হাজার ৭২০ হেক্টর জমিতে ফসলের আবাদ করা হয়েছে।

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আলম বলছেন, “টানা বৃষ্টিতে প্রাথমিকভাবে ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছি।”

সোমবার জাজিরা ও নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা চার দিনের বৃষ্টি শেষে এদিন সূর্যের দেখা মিলেছে। রোদ উঠতেই ক্ষতিগ্রস্ত কৃষকেরা মাঠে নেমে পড়েছেন। কেউ ক্ষেতে জমে থাকা পানি নিষ্কাশনের কাজ করছেন। কেউ পচে যাওয়া চারাগুলো বাঁচানোর শেষ চেষ্টা চালাচ্ছেন।

নিচু জমির পানি সরাতে কোথাও কোথাও সেচ পাম্প বসানো হয়েছে। তবে নানা চেষ্টা সত্ত্বেও অনেক জমির রসুন ও পেঁয়াজের বীজ এবং চারা পচে যাওয়া থেকে রক্ষা করা যায়নি।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মৌসুমে রসুন ও পেঁয়াজের বাজারদর কম থাকায় অনেক চাষি উৎপাদন খরচ তুলতে পারেননি। আগের লোকসান কাটিয়ে ওঠার আশায় এবার তারা আগাম আবাদ করেছিলেন। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় সেই আবাদ অনিশ্চয়তায় পড়েছে।

বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত সরকারিভাবে বিনামূল্যে বীজ, সার ও বিশেষ প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন।

নড়িয়া উপজেলার ডগ্রী এলাকার কৃষক ইব্রাহিম মোল্লা দুই একর জমিতে রসুনের আবাদ করেছিলেন। বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে তার অধিকাংশ ফসল।

আরেক কৃষক সালাম হাওলাদার বলেছেন, “রসুন আবাদ করতে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। এর মধ্যে প্রায় ৩ লাখ টাকার ফসল নষ্ট হয়ে গেছে। বাকি দুই লাখ টাকার রসুন আছে। সেগুলো টিকবে কি না, তা নিয়েও শঙ্কায় আছি।”

জাজিরার কাজীর হাট এলাকার কৃষক আমজাদ আলী বলছিলেন, “গত বছর রসুন চাষ করে তেমন লাভ হয়নি। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার আগাম রসুন আবাদ করেছিলাম। কিন্তু বৃষ্টির পানিতে আমার সব রসুন তলিয়ে গেছে। মনে হচ্ছে, সবই নষ্ট হয়ে যাবে।

নতুন করে চাষ করার মতো টাকাও আর হাতে নেই।”

ক্ষতিগ্রস্ত কৃষক মিজানুর রহমান খান বলেন, প্রাকৃতিক দুর্যোগে চলতি আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন করে চাষ শুরু করতে বাড়তি অর্থের প্রয়োজন হবে। বিনামূল্যে রসুন-পেঁয়াজের বীজ ও সার সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার দাবি তার।

পূর্ব নাওডোবা ইউনিয়নের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বলেন, তিনি ৩ বিঘা কালো জিরা এবং ৩ বিঘা জমিতে পিঁয়াজ চাষ করেছিলেন। বৃষ্টিতে পুরোটাই নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা জাহিদুল আলম বলেন, ক্ষয়ক্ষতির হিসাব চূড়ান্ত হওয়ার পর মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।