গাইবান্ধায় শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে আধাপাকা ধান, ৩৫০ হেক্টর ফসলের ক্ষতি
ফসল ঘরে তোলার সময় এমন দুর্যোগে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
গাইবান্ধায় আকস্মিক দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজি, মরিচ ও গ্রীষ্মকালীন পেঁয়াজের।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আধাপাকা আমন ধানের। ফসল ঘরে তোলার সময় এমন দুর্যোগে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
সব মিলিয়ে জেলার সাত উপজেলার প্রায় ৩৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তানজিমুল হাসান।
বৃহস্পতিবার বিকালে তিনি বলেন, মঙ্গলবার রাতে জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বজ্র বৃষ্টিপাতও হয়।
এতে জেলায় ২৪৭ হেক্টর জমির আমন ধান, ১৬ হেক্টর শাকসবজি, ৬৯ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ, ১০ হেক্টর মরিচ ও আট হেক্টর জমির কলা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ৬২ হেক্টর আমন ধান, ছয় হেক্টর শাকসবজি ও ২৬ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাদুল্লাপুরে ১৫ হেক্টর আমন ধান ও এক হেক্টর শাকসবজি, পলাশবাড়ীতে ৪৫ হেক্টর আমন ধান ও ২০ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ, গোবিন্দগঞ্জে নয় হেক্টর আমন ধান, চার হেক্টর শাকসবজি, সাত হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ ও আট হেক্টর কলার বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া সুন্দরগঞ্জে চার হেক্টর জমির আমন ধান এবং সাঘাটায় ১৬ হেক্টর জমির গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ফুলছড়িতে ১১২ হেক্টর আমন ধান, পাঁচ হেক্টর শাকসবজি এবং ১০ হেক্টর জমির মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে ফুলছড়ি উপজেলায়।
কৃষি কর্মকর্তা বলেন, কৃষি বিভাগের লোকজন মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত ফসল ও কৃষকদের তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছেন। আগামী রোববার ক্ষতিগ্রস্ত ফসলের চূড়ান্ত তথ্য জানা যাবে।
সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের কৃষক ফারুক মোল্লা বলেন, “আমন ধান আধাপাকা হয়েছে। কোনো কোনো জমির ধান কয়েক দিনের মধ্যেই কাটার প্রস্তুতি নিচ্ছিলাম।
“কিন্তু হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে ধানগাছ মাটিতে পড়ে গেছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। কীভাবে এই ক্ষতি পুষিয়ে নেব, তা বুঝতে পারছি না।”
ধার-দেনা করে আমন চাষ করেছেন গাইবান্ধা সদর উপজেলার তালুক মন্দুয়ার গ্রামের কৃষক সৈয়দ আলী। হঠাৎ এমন প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছেন তিনি।
সৈয়দ আলী বলেন, “ধান চাষে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। ধান বিক্রি করে ঋণ পরিশোধ করব। কিন্তু ঝড় ও শিলাবৃষ্টিতে সেই আশা শেষ হয়ে গেছে। এখন সরকার যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ায়, তাহলে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারব।”
মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও কৃষকদের খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সুদর্শন সিকদার।
