টানা বৃষ্টিতে গাইবান্ধার কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাজ
সোমবার দুপুরের পর আকাশে সূর্য়ের দেখা মেলায় মাঠে কেটে রাখা ভিজে ধান ও সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত দেখা গেছে কৃষকদের।
ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা তিনদিনের বৃষ্টিতে গাইবান্ধার মাঠে কেটে রাখা পাকা ধান ভিজে গেছে। দেখা দিয়েছে চারা গজানো ও খড় পচে যাওয়ার আশঙ্কা। ক্ষেতে থাকা আমন ধান কোথাও কোথাও মাটিতে নুয়ে পড়েছে।
কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে সরিষা, ভুট্টা, আলু, শাকসবজি ও গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত।
এ ছাড়া আলু চাষ নিয়েও ভোগান্তি সৃষ্টি হয়েছে। এসব কারণে জেলা জুড়ে কৃষকদের কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাজ।
মঙ্গলবার গাইবান্ধার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এমন চিত্র।
তবে সোমবার দুপুরের পর আকাশে সূর্য়ের দেখা মেলায় মাঠে কেটে রাখা ভিজে ধান ও সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত দেখা গেছে কৃষকদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর জেলায় ১ লাখ ৩৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে ৪২ হাজার ৯২৯ হেক্টর জমির ধান কাটা হয়েছে। তার মধ্যে চলমান বৈরী আবহাওয়ার মধ্যে প্রায় ১৯ হাজার হেক্টর জমির কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজছে।
এ ছাড়া এ বছর জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪০৬ হেক্টর । এরমধ্যে ১ হাজার ৩৯৮ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে।
অধিদপ্তর জানায়, বৃষ্টির কারণে আলু চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। ১৫ ডিসেম্বর পর্যন্ত আলু লাগানো সম্ভব। যেসব জমি প্রস্তুত করা হয়েছে, বৃষ্টিতে সেগুলোরও তেমন ক্ষতি হবে না।
মঙ্গলবার বিকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা তানজিমুল হাসান বলেন, ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে শুক্রবার বিকাল থেকে থেমে থেমে শুরু হয় বৃষ্টি, যা রোববার পর্যন্ত অব্যাহত ছিল। এতে জেলায় ৪৯৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ২২৪ হেক্টর, শাকসবজি ৭৭ হেক্টর, গ্রীষ্মকালীন পেঁয়াজ ৭৩ হেক্টর, সরিষা ৬১ হেক্টর, ভুট্টা ২ হেক্টর ও আলু ৬২ হেক্টর।
এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১৩ হেক্টর, সাদুল্লাপুরে ১৯ হেক্টর, পলাশবাড়ীতে ২২১ হেক্টর, গোবিন্দগঞ্জে ৭৭ হেক্টর, সুন্দরগঞ্জে ৭৭ হেক্টর, সাঘাটায় ১০৫ হেক্টর ও ফুলছড়িতে ৭ হেক্টর ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুপুরে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার ঘুরে দেখা গেছে, কৃষকরা জমিতে কেটে রাখা ভিজে পাকা ধান শুকানোর জন্য পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া বৃষ্টি রোববার রাত পর্যন্ত অব্যাহত ছিল। ফলে জমিতে কেটে রাখা পাকা ধান পানিতে ভিজে গেছে। সোমবার দুপুরের পর রোদ উঠায় নষ্ট হওয়ার আশঙ্কা কমে গেলেও ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়ে গেছে।
কৃষকরা জানান, তবে যে সব এলাকায় নীচু জমিতে পানি জমেছে, সে সব জমির ধান এরই মধ্যে চারা গজিয়েছে এবং খড় পচে যাওয়ার উপক্রম হয়েছে।
সদর উপজেলার তালুক মন্দুয়ার গ্রামের কৃষক মো. ফজলু মিয়া বলেন, জমিতে কেটে রাখা ধান তিন দিন ধরে বৃষ্টিতে ভিজেছে। এ কারণে সেগুলো বাড়িতে নিতে পারেন নাই। ধান শুকাতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। শ্রমিকের জন্য বাড়তি টাকা লাগবে। ধানের গুণগত মানও কমবে।
সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের কৃষক আমিরুল ইসলাম বলেন, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, শিম, মুলা, টমেটো, বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজির ক্ষেত পানি জমে গাছের গোড়া পচে যাওয়া ও ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামীতে আরও বৃষ্টি হলে এসব সবজি ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান বলেন, নতুন করে বৃষ্টি না হলে ধানের বড় ধরনের ক্ষতির হবে না। তবে শ্রমিক মজুরি বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচ বাড়বে।
তিনি বলেন, সবজি গাছের গোড়ায় দীর্ঘসময় পানি জমে থাকলে ক্ষতি হতে পারে। এ জন্য জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে বৃষ্টির কারণে আলু চাষের কোনো সমস্যা হবে না। ১৫ ডিসেম্বর পর্যন্ত আলু রোপণ করা যাবে।
