‘আকভান’: টানা বৃষ্টিতে যশোরে তলিয়েছে কৃষকের স্বপ্ন
মাঠে কেটে রাখা পাকা ধান ঘরে তুলতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা বৃষ্টিতে যশোরের শার্শায় মাঠে মাঠে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। বিশেষ করে মাঠে কেটে রাখা পাকা ধান ঘরে তুলতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার রাত পর্যন্ত অবিরাম ঝরতে থাকে। এতে নিচু জমিতে পানি জমেছে। কোথাও কোথাও ধান ও সবজির ক্ষেত তলিয়ে গেছে। তবে শনিবার সকাল থেকে বৃষ্টি বন্ধ থাকলেও সূর্যের দেখা মেলেনি।
কৃষি বিভাগ বলছে, সবজির গোড়ায় দীর্ঘসময় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে খোঁজখবর রাখা হচ্ছে।
শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমেছে। কোথাও কোথাও ধান ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে আছে। রোদ না থাকায় এসব ধান শুকানো সম্ভব হচ্ছে না। ফলে ধানের গুণগত মান নষ্ট হওয়া ও পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
এর মধ্যে শীতকালীন সবজির খেত নিয়েও বাড়ছে উদ্বেগ। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মরিচ, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজি ক্ষেতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে।
শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার সব এলাকায় পানি না জমলেও নিম্নাঞ্চলের কিছু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান এবং সবজি আবাদ ঝুঁকিতে পড়েছে।
উপজেলার টেংরা গ্রামের সবজি চাষি আমির হোসেন বলেন, দুদিনের বৃষ্টিতে তার বেগুন খেতে পানি জমে গেছে। পরপর দু-তিন দিন রোদ হলে পানি সরে যাবে বলে আশা করছেন তিনি।
কয়েকদিন আগে পাকা ধান কেটে জমিতে শুকাচ্ছিলেন উপজেলার উত্তর বারোপোতা গ্রামের কৃষক রফিকুল ইসলাম। তিনি বলেন, “ধান কেটে মাঠে রাখছি। কিন্তু টানা বৃষ্টিতে সব ভিজে গেছে। রোদ না উঠলি ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে না।”
মাঠে অনেক কৃষকের পাকা ধান এখনো কাটার অপেক্ষায় রয়েছেন বলে জানান রফিকুল ইসলাম।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, অনেক কৃষক ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকে কেটে মাঠে রেখেছেন। নিম্নচাপের ফলে দুদিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে।
তবে জমিতে ধানের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে ধানের তেমন ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।
