ঘূর্ণিঝড় ‘আকভান’: ভোলায় টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বৃষ্টিতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও শ্রমজীবীদের আয়-রোজগার।
ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন উপজেলার চরাঞ্চল ও নিচু এলাকার ফসলের মাঠে পানি জমে গেছে।
ক্ষেতে কেটে রাখা ও পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি শীতকালীন সবজি ও তরমুজের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও শ্রমজীবীদের আয়-রোজগার।
ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ক্ষেতে ধান পেকে গেছে। জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে।
শনিবার সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক জমিতে পাকা ধান কাটার অপেক্ষায় রয়েছে, আবার অনেক জমিতে ধান কেটে মাঠেই ফেলে রেখেছেন কৃষকেরা। টানা বৃষ্টিতে ভিজে যাওয়া এসব ধান ক্ষেতেই পড়ে আছে। সময়মতো শুকানো না গেলে ধান নষ্ট হওয়ার পাশাপাশি গুণগত মান কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
জমির ধান কেটে মাঠেই রেখেছেন সদর উপজেলার রাজাপুর গ্রামের কৃষক কালু সর্দার। তিনি বলেন, টানা বৃষ্টিতে ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এখনো অনেক কৃষকের পাকা ধান রয়েছে।
শুধু ধান নয়, টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন শীতকালীন সবজি চাষিরাও। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির খেতে পানি জমে গেছে।
যেসব জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো নয়, সেসব জমির ফসল নিয়ে উদ্বিগ্ন চাষিরা। এর মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন তরমুজ চাষিরা। বৃষ্টিতে তাদের বীজতলা নষ্ট হওয়ার পথে।
চাষি আবুল হাসান কেরানী বলেন, প্রায় ১০০ কানি জমিতে তরমুজের বীজতলা তৈরি করা হয়েছে; যা বৃষ্টির পানি জমে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
তিন একর জমিতে বাঁধাকপির আবাদ করেছেন সদরের কাচিয়া মাঝেরচরের চাষি জামাল হোসেন। তিনি বলেন, বাঁধাকপি এখন বিক্রির উপযোগী হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে।
এতে উৎপাদন খরচ তুলতে না পেরে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জামাল হোসেন।
কৃষকদের ভাষ্য, শীতকালীন সবজি চাষে বীজ, সার, কীটনাশক, শ্রমিক ও সেচসহ বিভিন্ন খাতে এর মধ্যে বড় অঙ্কের পুঁজি বিনিয়োগ করা হয়েছে। এখন ফসল বিক্রির মৌসুমে ক্ষেতে দীর্ঘ সময় পানি জমে থাকলে ফলন কমে যাওয়া ও রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে উৎপাদন খরচও তুলে আনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
টানা বৃষ্টিতে কৃষকদের পাশাপাশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কাজে যেতে না পারায় অনেকের দৈনিক আয় বন্ধ হয়ে গেছে।
ইলিশার মহিষ খামারি ইকবাল হাওলাদার বলেন, “জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। দিনমজুরদের সমস্যা সবচেয়ে বেশি। বৃষ্টির কারণে কাজে যেতে পারছে না কেউ। ফলে প্রতিদিনের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।”
বৃষ্টি থামার পর দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কামরুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘ সময় পানি জমে থাকলে বিশেষ করে সবজির শিকড়ে পচন ও রোগবালাই দেখা দিতে পারে।
টানা বৃষ্টিতে ফসল ও জীবিকা নিয়ে চরম উৎকণ্ঠায় থাকা কৃষক ও শ্রমজীবী মানুষের এখন একটাই অপেক্ষা বৃষ্টি থামা ও রোদের দেখা পাওয়া।
