মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিকাশের কর্মশালা
এ সমস্যা মোকাবিলায় ‘হোলিস্টিক অ্যাপ্রোচ’ বা সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন বিএফআইইউ প্রধান।
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের (এএমএল-সিএফটি) বিষয়ে ধারণা দিতে কর্মশালা করেছে মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া কোম্পানি— বিকাশ।
বৃহস্পতিবার বিকাশের প্রধান কার্যালয়ে ‘রেগুলেটরি ফ্রেমওয়ার্কস ফর এন্টি মানি লন্ডারিং গভর্নেন্স’ শিরোনামে এ কর্মশালা হয় কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অনুষ্ঠানে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা তুলে ধরেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।
তিনি বলেন, “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের বর্তমান প্রেক্ষাপটে এই খাতের ঝুঁকিগুলোকে আরও গভীরভাবে চিহ্নিত করতে হবে এবং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএফআইইউর দায়িত্ব হলো সব অংশীজনকে নিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে একসঙ্গে কাজ করা। ”
তার মতে, এ সমস্যা মোকাবিলায় ‘হোলিস্টিক অ্যাপ্রোচ’ বা সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে।
ইখতিয়ার উদ্দিন বলেন, “বিটিআরসি থেকে শুরু করে এমএফএস, আইন প্রয়োগকারী সংস্থা—সবার এখানে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সমাজের প্রতিটি মানুষেরও দায়িত্ব রয়েছে এ বিষয়ে সচেতন থাকার। ”
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “বিকাশ তার প্রতিষ্ঠান পরিচালনায় কমপ্লায়েন্ট থাকার পাশাপাশি গ্রাহকসহ সকল স্টেকহোল্ডারদের সাথে কাজ করার ক্ষেত্রেও কমপ্লায়েন্স নিশ্চিত করে থাকে। এরই অংশ হিসেবে বিকাশ ডিজিটাল লেনদেনের অপব্যবহার রোধে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকে।”
কর্মশালায় অন্যদের মধ্যে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম, বিএফআইইউর উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং এএমএল-সিএফটি বিভাগের ঢাকাসহ দেশের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
