২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সম্পত্তি লিখে না দেওয়ায় মা ও ছেলেকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

২০১৭ সালে ১৯ নভেম্বর দুপুরে মা ও নিজের ছেলেকে গলাকেটে হত্যার পর সন্ধ্যায় বাবাকেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন শাহআলম।

নাটোরে সম্পত্তি লিখে না দেওয়ায় মা ও ছেলেকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

আদালত প্রাঙ্গণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহআলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 05:31 PM

Updated : 22 Nov 2026, 05:31 PM

বাবা সম্পত্তি লিখে না দেওয়ায় নাটোরের সদর উপজেলায় মা ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

একইসঙ্গে রায়ে আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর একজনকে খালাস দেওয়া হয়েছে।

রোববার দুপুরে আসামিদের উপস্থিতিতে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা ৩য় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাহেদ মাহমুদ টিটু।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহআলম (৩০) সদর উপজেলার দস্তানাবাদ এলাকার শাহাদৎ সর্দারের ছেলে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সোহাগ হোসেন একই এলাকার আশরাফ হোসেনের ছেলে।

আর খালাস পাওয়া মিন্টু একই এলাকার ওয়াজ আলীর ছেলে।

মামলার নথির বরাতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাহেদ মাহমুদ টিটু বলেন, শাহ আলমের মাদকাসক্তির কারণে পরপর দুই স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। তার প্রথম স্ত্রীর ছেলে আলিফ হোসেন (১১) দাদা-দাদী শাহাদৎ সর্দার ও বিলকিস বেগমের (৫০) কাছেই থাকতেন।

এর মধ্যে সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় বাবার সঙ্গে শাহ আলমের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ২০১৭ সালে ১৯ নভেম্বর দুপুরে তিনি মা বিলকিস বেগম ও নিজের ছেলে আলিফকে গলাকেটে হত্যা করেন।

পরে সন্ধ্যায় বাবা শাহাদৎ হোসেন বাড়িতে ফিরলে তাকেও ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন শাহআলম। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

অপরদিকে আহত শাহাদৎকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করে প্রতিবেশিরা। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।

ঘটনার দুই দিন পর ২১ নভেম্বর রাতে ছেলে শাহআলমসহ চারজনকে আসামি করে নাটোর সদর থানায় হত্যা মামলা করেন শাহাদৎ সর্দার।

এরপর পুলিশ তদন্তে এক আসামির (মকবুল হোসেন) সম্পৃক্ততা না থাকায় বাকি তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

নাটোর জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর বলেন, বিচারক দীর্ঘ দিন মামলার সাক্ষ্য গ্রহণ, প্রমাণ যাচাই শেষে অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহআলমের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে আরেক ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

অপর আসামি সোহাগ হোসেনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

এমন রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে বলেও জানান পিপি রুহুল আমিন তালুকদার টগর।