বাউবির এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪.৭৫%
এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সোমবার দুপুরে গাজীপুরের ক্যাম্পাসে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ ফলাফল গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারীর শিক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ২২২ জন।
ফলাফল অনুযায়ী, এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ১০ হাজার ৫০৩ জন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী।
গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন ‘A+’, ১ হাজার ৫০৮ জন ‘A’, ৩ হাজার ৩০২ জন ‘A-’, ৩ হাজার ৫২৪ জন ‘B’, ২ হাজার ১০৭ জন ‘C’, এবং ৪৬ জন ‘D’ গ্রেড অর্জন করেছে।
ফলাফল ঘোষণাকালে উপাচার্য বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়; বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।
এইচএসসি পরীক্ষার ফলাফল মাত্র ৪১ কর্মদিবসে প্রকাশ করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট result.bou.ac.bd-পাওয়া যাবে।
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে:
গ্রামীণফোন (GP): মেসেজ অপশনে PB<space>BOU<space>Student ID (উদাহরণ: PB BOU 19011010048) লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে।
টেলিটক: BOU<space>Student ID (উদাহরণ: BOU 19011010048) লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।
রবি ও বাংলালিংক: BOU<space>Student ID (উদাহরণ: BOU 19011010048) লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।
