২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়ন: চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ২৩৮ জন

নতুন করে জিপিএ ৫ পেয়েছে ১০১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 10:32 PM

Updated : 23 Nov 2026, 10:32 PM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর ফল পাল্টে ফেল থেকে পাশ এসেছে ২৩৮ জন শিক্ষার্থীর।

সোমবার এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবছর ২৭ হাজার ১১১ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ১ লাখ ১৭ হাজার ৫২১টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন।

“এর মধ্যে আগে ফেল এলেও পুনর্মূল্যায়নের পর পাস করেছে ২৩৮ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ১০১ জন। সবমিলিয়ে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে।

গত ৩১ অক্টোবর সারাদেশে এক যোগে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। এরমধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাশের হার ছিল ৫২ দশমিক ০৭ শতাংশ। পরীক্ষার নম্বরে সন্তুষ্টু শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদ করেন।

গত ১ থেকে ৭ নভেম্বর থেকে পর্যন্ত আবেদনের সময় ছিল। এসময়ে মধ্যে শিক্ষার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে এ আবেদন করেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ২ হাজার ৪৩ জনের প্রাপ্ত নম্বর পরিবর্তন হলেও সিজিপিএ পরিবর্তন হয়েছে ১ হাজার ৫১৮ জনের।

নতুন করে ১০১ জন জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৯ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৩৩ ও মানবিক বিভাগে ৯ জন রয়েছেন।

আর অকৃতকার্য হওয়া ৪৩৫ জনের খাতা পুনঃমূল্যায়নে নম্বর বাড়লেও তারা পাস করেনি।

পুরনো খবর:

এইচএসসি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে