২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডর্টমুন্ডের বিপক্ষে রাইয়াকে পাচ্ছে না আর্সেনাল

স্প্যানিশ গোলরক্ষকের কাঁধের চোট ‘খুব একটা গুরুতর মনে হচ্ছে না’ কোচ মিকেল আর্তেতার কাছে।

ডর্টমুন্ডের বিপক্ষে রাইয়াকে পাচ্ছে না আর্সেনাল

চোট পেয়ে মাঠ ছাড়ছেন দাভিদ রাইয়া (বাঁয়ে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 10:30 PM

Updated : 23 Nov 2026, 10:30 PM

কাঁধের চোটে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে পারবেন না আর্সেনাল গোলরক্ষক দাভিদ রাইয়া। তবে দলটির কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, এই স্প্যানিয়ার্ডের অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

প্রিমিয়ার লিগে গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-২ ড্র ম্যাচে চোট পান রাইয়া। ৭০তম মিনিটে বাম হাত চেপে ধরে মাঠ ছাড়েন ৩১ বছর বয়সি এই খেলোয়াড় এবং তার জায়গায় নামেন কেপা আরিসাবালাগা।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় মঙ্গলবার ঘরের মাঠে ডর্টমুন্ডের মুখোমুখি হবে ইংলিশ চ্যাম্পিয়নরা। আগের দিন সংবাদ সম্মেলনে রাইয়ার চোটের অবস্থা তুলে ধরেন আর্তেতা।

“দুর্ভাগ্যবশত, সে আগামীকালের (ম্যাচের জন্য) ফিট নয়, অবশ্য তার চোট খুব গুরুতর মনে হচ্ছে না। আগামীকাল আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে, তবে পরিস্থিতি বেশ আশাব্যঞ্জক। ঘটনার পরপরই তার মধ্যে যে যন্ত্রণার প্রকাশ দেখা গিয়েছিল, তাতে আমরা সবাই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম; তবে পরিস্থিতি আমাদের ধারণার চেয়ে ভালো মনে হচ্ছে।

“তার অস্ত্রোপচারের প্রয়োজন নেই, যেটি নিয়ে দুশ্চিন্তা ছিল, কারণ তেমনটা হলে তাকে কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতো, দেখা যাক কী হয়।”

আর্সেনালের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাইয়া। দলটি বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

আর্সেনালের আসছে ম্যাচের প্রতিপক্ষ ডর্টমুন্ড ঘরোয়া লিগে দারুণ ফর্মে রয়েছে; বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তারা। আর চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে ডর্টমুন্ড।