৪০ বছরের তলানিতে ম্যানচেস্টার ইউনাইটেড
আবার মাঠে নামার আগে টেবিলে আরও নিচে নেমে যাওয়ার শঙ্কা আছে মাইকেল ক্যারিকের দলের সামনে।
লিগ টেবিলে নামতে নামতে আগে থেকেই বিপজ্জনক অবস্থানে চলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটির বিপক্ষে নটিংহ্যাম ফরেস্টের স্মরণীয় জয়ের ধাক্কা লেগেছে ইউনাইটেডের গায়েও, অবনমন অঞ্চলে নেমে গেছে তারা।
প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে সিটিকে ৩-১ গোলে হারিয়ে দেয় ফরেস্ট। এতে তিন ধাপ এগিয়ে তারা এখন আছে ১৬ নম্বরে, ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে। তাদের উন্নতিতে এক ধাপ নেমে ৭ পয়েন্ট নিয়ে এখন ১৮ নম্বরে আছে ইউনাইটেড।
১৯৮৬ সালের নভেম্বরের পর, ইংল্যান্ডের শীর্ষ লিগে মৌসুমে অন্তত ৯ ম্যাচ খেলে অবনমন অঞ্চলে জায়গা হলো ওল্ড ট্র্যাফোর্ডের দলটির; ৪০ বছর আগের ওই মৌসুমে ১৫ ম্যাচ খেলে ২১তম স্থানে ছিল তারা। তখন প্রতিযোগিতাটি হতো ২২ দলের, এখন হয় ২০ দলের।
এবার টেবিলে আরও নিচে নেমে যাওয়ার শঙ্কাও আছে মাইকেল ক্যারিকের দলের সামনে। এখন তালিকার তলানিতে থাকা সান্ডারল্যান্ড যদি রোববার চেলসিকে হারিয়ে দেয় এবং টেবিলের ১৯তম দল যদি লিভারপুলের বিপক্ষে হার এড়াতে পারে, তাহলে তলানিতে নেমে যাবে ইউনাইটেড।
এদিনই অবশ্য অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে প্রিমিয়ার লিগে গত ৩০ অগাস্টের পর আর জয়ের মুখ না দেখা ইউনাইটেড। সেদিন এবার লিগে উঠে আসা ইপ্সউইচ টাউনের বিপক্ষে ৫-২ গোলে জিতেছিল তারা। এর আগে পরে আর কোনো ম্যাচ জিততে পারেনি দলটি।
