০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আরও কয়েক সপ্তাহ সাকাকে পাচ্ছে না আর্সেনাল

অবশ্য মাঠে ফেরার জন্য সাকার ওপর খুব বেশি চাপও দিতে চান না মিকেল আর্তেতা।

আরও কয়েক সপ্তাহ সাকাকে পাচ্ছে না আর্সেনাল

বুকায়ো সাকা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 10:37 PM

Updated : 06 Nov 2026, 10:37 PM

বায়ার্ন মিউনিখের বিপক্ষে গত মাসের ম্যাচে বুকায়ো সাকা চোট পাওয়ার পরই, তাকে নিয়ে দুর্ভাবনার কথা বলেছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তার সেই শঙ্কাই সত্যি হচ্ছে। বাম ঊরুর চোটে আরও কয়েক সপ্তাহ তার বাইরে থাকতে হতে পারে বলে মনে করেন কোচ।

চ্যাম্পিয়ন্স লিগে গত ২২ অক্টোবর জার্মান ক্লাবটির বিপক্ষে ম্যাচের দশম মিনিটে একটি পাস দেওয়ার সময় পড়ে গিয়ে বাম ঊরু চেপে ধরেন সাকা। তখন তার মুখ ছিল যন্ত্রণাক্লিষ্ট। পরে আর খেলা চালিয়ে যেতে পারেননি ২৫ বছর বয়সি তারকা।

সেই থেকে মাঠের বাইরে আছেন সাকা, এবং চলতি মাসে উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার তাকে ছাড়াই দল ঘোষণা করে ইংল্যান্ড। এদিনই পরে সাকার চোটের অবস্থা জানান আর্তেতা।

“(তার সেরে ওঠার সময়) আমরা কয়েক সপ্তাহের কথা বলছি। দেখা যাক, আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর সে মাঠে অনুশীলন শুরু করতে পারে…কিন্তু দুর্ভাগ্যবশত বেশ কিছুদিন সে বাইরে থাকবে।”

তবে মাঠে ফেরার জন্য সাকার ওপর খুব বেশি চাপ দিতে চান না আর্তেতা।

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে বেশ ছন্দে ছুটছে আর্সেনাল। ৯ ম্যাচের আটটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।

পরের ম্যাচে শনিবার তারা খেলবে হাল সিটির বিপক্ষে।

আর চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি, দুইয়ে রেয়াল মাদ্রিদ।