৩১ দিন পর ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে, নমুনা সংগ্রহ বাপেক্সের
এখন ওই স্থানের প্রায় ৬৭৫ বর্গকিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ চালানোর প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় প্রাকৃতিক গ্যাস বের হয়ে জ্বলে ওঠা আগুন ৩১ দিন পর নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি-বাপেক্স।
শুক্রবার সকালে ড্রিলিং দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে বাপেক্সের ড্রিলিং সুপারভাইজার মোহাম্মদ রকিবুল হাসান জানান।
এ কাজে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।
বাপেক্স জানায়, আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই কূপ থেকে গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করেছে সংস্থাটির ভূতাত্ত্বিক জরিপ দল। এসব নমুনা পরীক্ষার মাধ্যমে গ্যাসের উপাদান ও রাসায়নিক গঠন নির্ণয় করা হবে।
পাশাপাশি ওই স্থানের প্রায় ৬৭৫ বর্গকিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ চালানোর প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
২৭ অক্টোবর ইনানীতে একটি নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে প্রাকৃতিক গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেখানে আগুন জ্বলে ওঠে। প্রথম ১৫ দিন পরিস্থিতি পর্যবেক্ষণের পর বাপেক্সের একটি দল আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর টানা ১৪ দিনের প্রচেষ্টায় শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে।
বাপেক্সের ড্রিলিং সুপারভাইজার মোহাম্মদ রকিবুল হাসান বলেন, বর্তমানে গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ডাইভার্টারের মাধ্যমে গ্যাসের প্রবাহ মূল নির্গমনস্থল থেকে প্রায় ৪৫ ফুট দূরে সরিয়ে সেখানে পুড়িয়ে ফেলা হচ্ছে। এরপর কূপের ভেতরের গ্যাসের প্রবাহ পুরোপুরি বন্ধ করার কাজ শুরু হবে।
তিনি বলেন, প্রথমে কূপের ভেতরে থাকা ড্রিল পাইপগুলো একটির সঙ্গে আরেকটি সংযুক্ত করে প্রায় এক হাজার ফুট গভীরতায় নেওয়া হবে। এরপর পানির সঙ্গে বেনটোনাইট নামের এক ধরনের কাদামাটি মিশিয়ে ঘন তরল তৈরি করা হবে। সিমেন্টিং ইউনিটের উচ্চচাপের পাম্পের সাহায্যে ওই তরল কূপের ভেতরে প্রবেশ করিয়ে গ্যাসের প্রবাহ বন্ধ করা হবে, যাতে পরবর্তী সময়ে আর গ্যাস বের হতে না পারে।
গ্যাসের প্রবাহ বন্ধ করার পর বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দল ঘটনাস্থলে বিস্তারিত জরিপ চালাবে জানিয়ে রকিবুল হাসান বলেন, জরিপের মাধ্যমে গ্যাসের মূল উৎসের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।
বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের নেতা এস এম নাফিফুন আরহাম বলেন, ২৭ অক্টোবর গ্যাস নির্গমন শুরু হলেও তাপ ও অগ্নিকাণ্ডের তীব্রতার কারণে নিরাপত্তার স্বার্থে এত দিন ঘটনাস্থলের কাছে গিয়ে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে এনে ডাইভার্টারের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে দেওয়ার পর নমুনা সংগ্রহের নিরাপদ পরিবেশ তৈরি হয়।
তিনি বলেন, গ্যাসের প্রকৃত উপাদান সংগ্রহ এবং নমুনায় বাতাসের সংমিশ্রণ এড়াতে ওয়াটার ডিসপ্লেসমেন্ট পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এ পদ্ধতিতে দুটি বোতলে গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো বাপেক্সের পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গ্যাসের উপাদান ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাবে এবং পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে।
নাফিফুন আরহাম বলেন, “ইনানী স্ট্রাকচারের প্রায় ৬৭৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১২০ লাইন কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাপেক্সের জরিপ দল প্রস্তুত রয়েছে এবং স্বল্পতম সময়ের মধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করবে।”
বাপেক্সের কর্মকর্তারা জানান, এই জরিপে ইনানী কাঠামোর ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, টেকটোনিক পরিস্থিতি, ফল্ট ও ফ্র্যাকচার এবং সম্ভাব্য ঝুঁকিগুলো শনাক্ত করার চেষ্টা করা হবে। পরে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে গ্যাসের মজুত নিরূপণ এবং বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা যাচাই করা হবে।
তারা বলেন, আগুন নিয়ন্ত্রণের পুরো অভিযান সংস্থাটির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে। এতে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হয়েছে।
