১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

উখিয়ায় গ্যাসের আগুন নেভাতে বসছে ২০ ইঞ্চি পাইপ

কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি-বাপেক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 09:09 PM

Updated : 14 Nov 2026, 09:09 PM

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন নেভাতে ২০ ইঞ্চি ব্যাসের পাইপ বসানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি-বাপেক্স।

পাইপের ভেতর দিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে পরে সিমেন্ট ও বিশেষ রাসায়নিক মেশানো কাদা দিয়ে গ্যাস বের হওয়া বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, ১৫ দিন ধরে আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণের পর এখন তা নিয়ন্ত্রণে আনার প্রস্তুতি চলছে। বাপেক্স এ কাজ করবে। সরঞ্জাম বসানোর পদ্ধতি দেখতে বুয়েটের একজন অধ্যাপক ও বাপেক্সের ড্রিলিং বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুয়েটের সহযোগী অধ্যাপক শাহরিয়ার মাহমুদ বলেন, আগুনের উৎসে গ্যাস বের হওয়ার মুখে ২০ ইঞ্চি ব্যাসের পাইপ বসানোর চেষ্টা করা হবে। এর মাধ্যমে পাইপের ভেতর দিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পরে সিমেন্ট ও বিশেষ রাসায়নিক মেশানো কাদা ব্যবহার করে গ্যাস বের হওয়া বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সরঞ্জাম নামানো ও বসানোর কাজ শুরু হয়েছে। পুরো কাজের জন্য আরও ১৫ থেকে ২০টি বড় ট্রাক বা ট্রেইলারে সরঞ্জাম আনতে হবে। মূল কাজ শুরু হওয়ার পর পরিকল্পনা সফল হলে ৩০ মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হতে পারে। তবে তা কাজের সফলতার ওপর নির্ভর করছে।

আগুন নেভানোর পর সেখানে গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে বলে জানান বুয়েটের এই শিক্ষক।

তার ভাষ্য, সেখানে গ্যাসের উপস্থিতি পাওয়া গেলেও কী পরিমাণ গ্যাস রয়েছে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, তা এখনো নিশ্চিত নয়। এ জন্য ভূতাত্ত্বিক পরীক্ষা ও সিসমিক জরিপ করা হবে। গ্যাস উত্তোলনের সম্ভাবনা পাওয়া গেলে নতুন করে কূপ খননের উদ্যোগ নেওয়া হতে পারে।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান বলেন, বর্তমানে ছয় ইঞ্চি ছিদ্র দিয়ে যে গ্যাস বের হচ্ছে, সেটি সরাসরি গ্যাস উত্তোলনের উপযোগী নয়। গ্যাসের মজুত ও উৎপাদনের সম্ভাবনা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তবে আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি বাড়িরে আঙিনায় নলকূপ বসানোর জন্য খননকাজের পর ভূগর্ভ থেকে গ্যাস ও পানি বের হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে আগুন জ্বলছে।

এ ঘটনার পর বাপেক্স, পেট্রোবাংলাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন ঘটনাস্থলের ২০০ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করেছে। পাশাপাশি সেখানে মানুষের প্রবেশ নিয়ন্ত্রণে বেড়া দেওয়া হয়েছে।

পুরনো খবর:

উখিয়ায় নলকূপের গ্যাসের আগুন ২৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, আরও ছড়াচ্ছে
উখিয়ায় ২৪ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার এলাকা ঘেরার পরামর্শ
কক্সবাজারে নলকূপ বসাতে মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুন
উখিয়ায় আগুন জ্বলছে: এখনই গ্যাসক্ষেত্র বলতে চায় না বাপেক্স
উখিয়ার সেই কূপে ১৫ দিনেও নেভেনি আগুন, গ্যাস মজুতের সম্ভাব্যতা যাচাইয়ের পরিকল্পনা