কক্সবাজারে নলকূপ বসাতে মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুন
সেখানে প্রাকৃতিক গ্যাস আছে কি না, তা বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে চায় প্রশাসন।
কক্সবাজারের উখিয়া উপজেলায় নলকূপ বসানোর জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস বের হয়েছে। এরপরই সেখানে আগুন জ্বলে ওঠে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিচকর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন।
তিনি বলেন, মাটি খননের একপর্যায়ে গ্যাস বের হতে শুরু করে। পরে সেই গ্যাসে আগুন জ্বলে ওঠে। আগুনের প্রবাহ বেশি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন। প্রাথমিকভাবে ভূগর্ভে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, সেখানে প্রাকৃতিক গ্যাস আছে কি না, তা বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে চায় প্রশাসন। এ জন্য বিশেষজ্ঞদের ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করতে বলা হয়েছে।
তিনি বলেন, “প্রাকৃতিক গ্যাস যদি থাকে, সেটা তো আমাদের জন্য একটা সম্পদ। তবে আগে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে, আসলে সেখানে গ্যাস আছে কি না।”
স্থানীয়দের কাছ থেকে এর আগে ওই এলাকায় গ্যাস পাওয়ার কথা শুনেছেন জানিয়ে ইউএনও বলেন, পরীক্ষার মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
