১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

উখিয়ার সেই কূপে ১৫ দিনেও নেভেনি আগুন, গ্যাস মজুতের সম্ভাব্যতা যাচাইয়ের পরিকল্পনা

বাপেক্সের নয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে কর্মপরিকল্পনা তৈরির কথা জানিয়েছেন।

উখিয়ার সেই কূপে ১৫ দিনেও নেভেনি আগুন, গ্যাস মজুতের সম্ভাব্যতা যাচাইয়ের পরিকল্পনা

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি বাড়ির আঙিনায় নলকূপ বসানোর জন্য খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 10:19 PM

Updated : 10 Nov 2026, 10:19 PM

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন ১৫ দিন ধরে জ্বলছে। এ সময়ে গ্যাসের প্রবাহ বা আগুনের উচ্চতায় তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

ফলে শুধু পর্যবেক্ষণে না থেকে এবার অনিয়ন্ত্রিত গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দলের সদস্যরা জানিয়েছেন, তাদের প্রধান লক্ষ্য নিরাপদ উপায়ে গ্যাসের অনিয়ন্ত্রিত প্রবাহ বন্ধ করা। এরপর সেখানে ভূগর্ভে গ্যাসের আধারের বিস্তৃতি ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়টি বিবেচনা করা হবে।

বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক ও পেট্রোলিয়াম ভূতত্ত্ববিদ হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে একটি সম্ভাবনাময় ভূতাত্ত্বিক কাঠামোর অস্তিত্ব দেখা যাচ্ছে। তবে সেখানে থাকা গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কি-না, তা জানতে আরও অনুসন্ধান ও বিনিয়োগ প্রয়োজন।

এদিন নয় সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ঘটনার পর থেকে একই গতিতে গ্যাস নির্গমন

২৭ অক্টোবর উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি বাড়ির আঙিনায় নলকূপ বসানোর জন্য খননকাজের পর ভূগর্ভ থেকে গ্যাস ও পানি বের হতে শুরু করে। এক পর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়।

এরপর পেট্রোবাংলা ও বাপেক্সের বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ১৫ দিন পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। তাদের ধারণা ছিল, গ্যাসের আধার অগভীর কোনো ছোট পকেট হলে নির্গমনের প্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে। তবে ১৫ দিন পরও গ্যাসের প্রবাহে পরিবর্তন দেখা যায়নি।

ভূতত্ত্ববিদ হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, “প্রথম দিনে যে অবস্থায় ছিল, সেই একই অবস্থায় আছে। গ্যাস যে লেভেলে উঠছিল, সেভাবেই আছে। আমরা ১৫ দিন পর্যবেক্ষণ করেছি শুধু এটা বোঝার জন্য যে এটি অগভীর কোনো ছোট গ্যাসের পকেট কি না। কিন্তু দেখা যাচ্ছে, একই প্রবাহ অব্যাহত রয়েছে।”

এ পরিস্থিতিতে এখন গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে কী ধরনের কারিগরি ব্যবস্থা নেওয়া যায়, তা নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “প্রবাহ বন্ধ বলতে ওয়েলটাকে কন্ট্রোল করার জন্য। প্রথমে অনিয়ন্ত্রিত প্রবাহটা বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এরপর আরও অনুসন্ধানের বিষয়টি আসবে। এভাবে তো আর জ্বলতে দেওয়া যাবে না।”

ভূগর্ভে গ্যাসের আধারের সম্ভাবনা

ঘটনাস্থলের ভূতাত্ত্বিক কাঠামোতে গ্যাস জমা থাকার সম্ভাবনার কথা বলেছেন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক ও পেট্রোলিয়াম ভূতত্ত্ববিদ হাওলাদার ওহিদুল ইসলাম।

তিনি বলেন, “এটা একটা স্ট্রাকচার, যে জায়গায় আমরা সাধারণত একটা ফোল্ড বেল্টের ক্রেস্টে গ্যাস জমা হতে দেখি, সেরকম একটা কাঠামো আছে।”

ঘটনাস্থলের ভূ-পৃষ্ঠে যে শিলাস্তর দেখা যাচ্ছে, সেটিকে ভূতাত্ত্বিক পরিভাষায় ‘ভোকাবেল ফরমেশন’ হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ ধরনের গঠনের নিচে গ্যাসের আধার রয়েছে।

তবে ইনানীতেও একই ধরনের গ্যাসের আধার থাকলেই তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য হবে, এমন নয় বলে দাবি করেন তিনি।

ওহিদুল ইসলাম বলেন, “এই রিজার্ভার বাণিজ্যিকভাবে লাভজনক কি-না বা সেখান থেকে উৎপাদন দেওয়া যাবে কি না, এগুলো আরও অনুসন্ধানের বিষয়। এখন প্রথম অগ্রাধিকার হলো এটাকে নিরাপদে বন্ধ করা।”

বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হিসেবে অবসর নেওয়ার পরও ওহিদুল ইসলাম জাতীয় পর্যায়ের তেল ও গ্যাস অনুসন্ধানবিষয়ক একটি কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। বিশেষজ্ঞ হিসেবে এই প্রতিনিধি দলের সঙ্গে ঘটনাস্থলে এসেছেন তিনি।

আগে নিরাপত্তা, পরে অনুসন্ধান

বিশেষজ্ঞদের বক্তব্যে এখন দুটি বিষয় গুরুত্ব পাচ্ছে। প্রথমত, অনিয়ন্ত্রিত গ্যাসের প্রবাহ নিরাপদ উপায়ে বন্ধ করা। দ্বিতীয়ত, ভূগর্ভে সম্ভাব্য গ্যাসের আধারের বিস্তৃতি ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা।

এ পর্যন্ত পাওয়া পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ একই রকম থাকায় আগের ১৫ দিনের পর্যবেক্ষণ থেকে নতুন কারিগরি পদক্ষেপের দিকে যাওয়ার চিন্তা করছেন বিশেষজ্ঞরা।

তবে কী পদ্ধতিতে গ্যাসের প্রবাহ বন্ধ করা হবে, কখন সেই কাজ শুরু হবে এবং এতে কত সময় লাগতে পারে, এসব বিষয়ে মঙ্গলবারের পরিদর্শন শেষে বিস্তারিত কর্মপরিকল্পনার অপেক্ষা রয়েছে।

অন্যদিকে ভূগর্ভে গ্যাসের আধারের সম্ভাবনা থাকলেও অনুসন্ধান ও পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার আগে এটিকে নতুন গ্যাসক্ষেত্র হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই বলছে বাপেক্স।

আরও পড়ুন 

উখিয়ায় নলকূপের গ্যাসের আগুন ২৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, আরও ছড়াচ্ছে

উখিয়ায় ২৪ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার এলাকা ঘেরার পরামর্শ

কক্সবাজারে নলকূপ বসাতে মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুন

উখিয়ায় আগুন জ্বলছে: এখনই গ্যাসক্ষেত্র বলতে চায় না বাপেক্স