২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাই ও মানিকগঞ্জের যেসব এলাকায় সোমবার গ্যাস থাকছে না

গ্যাসের চাপ নিয়ন্ত্রণ কেন্দ্রের সংস্কার ও মিটারিং ব্যবস্থা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 12:16 PM

Updated : 22 Nov 2026, 12:16 PM

ধামরাইয়ে গ্যাসের চাপ নিয়ন্ত্রণ কেন্দ্রের সংস্কার ও মিটারিং ব্যবস্থা নির্মাণ করা হবে। এজন্য ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সোমবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সরবরাহ বন্ধ রাখা হবে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা। এ সময় আবাসিক, শিল্প ও বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার তিতাস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

“ধামরাই ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের (ডিআরএস) মডিফিকেশন বা সংস্কার এবং মিটারিং ব্যবস্থা নির্মাণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিআরএসের মাধ্যমে পাইপলাইনে গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করা হয়। আর মিটারিং ব্যবস্থার মাধ্যমে গ্যাসের প্রবাহ ও পরিমাণ পরিমাপ করা হয়।”

নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার পাশাপাশি, আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।

ফলে এসব এলাকার বাসাবাড়িতে রান্নার পাশাপাশি গ্যাসনির্ভর শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রমে সাময়িক সমস্যা হতে পারে।

এর আগে গেল ৬ জুলাই ধামরাইয়ের কালামপুর এলাকায় গ্যাসের স্বল্পচাপের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের ডিআরএস থেকে সরবরাহ করা গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘদিন ধরে তারা ঠিকমতো গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন তারা।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।